
পড়শির পরান কী চায়?-প্রেম, ভালোবাসা? বন্ধুর হাত ধরে দূরে কোথায় হারিয়ে যাওয়া? হয়ত এর সবই আছে পড়শির মনে, পড়শির পরানে। কিন্তু এসব নিয়ে এখনই ভাবতে চান না তিনি। এখন তাঁর ভাবনা গান নিয়েই। অবশ্য, আরও একটি ইচ্ছা, আরও একটি গভীর চাওয়া আছে তাঁর; সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে চান তিনি। সময় আর সুযোগ পেলেই দ্বিতীয় ইচ্ছাটি পূরণ করেন পড়শি। অবশ্য, এ নিয়ে কিছু বলতে চান না, কারণ এ যে তাঁর পরানের কথা।
তবে ভালোবাসার মানুষ নিয়ে প্রশ্ন করার পর বললেন— ‘না, তাকে এখনো খুঁজে পাইনি। সত্যি বলছি, আমি শুধু ‘ক্র্যাশ’ খাচ্ছি।’
কীভাবে ক্র্যাশ? এবারে পড়শির পরানের গোপন কথা জানার সুযোগ পাওয়া গেল। হাসতে হাসতে পড়শি বললেন, ‘জানেন, ছেলেদের সঙ্গে আমার তেমন মেলামেশা হয়নি। রাস্তায় যখন বান্ধবীর সঙ্গে যাই, তখন একটা সুন্দর ছেলে দেখলে পটে যাই। আবার কোনো ছেলে সুন্দর করে কথা বলছে, চমৎকার ব্যবহার, আমি পটে যাই। এক সময় ‘ক্র্যাশ’ খাই। তবে তা কিন্তু আর কেউ জানতে পারে না।’
পড়শি এবারে গেয়েছেন রবীন্দ্রসংগীত। খুব চেনা গান। ‘আমার পরান যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’। গান নিয়ে কথাপ্রসঙ্গে বললেন, ‘আমি গান শিখছি সেই ছোটবেলা থেকে। তখন সব ধরনের গানই করেছি। কিন্তু বড় হয়ে আর রবীন্দ্রসংগীত করা হয়নি। তবে এই গানটির প্রতি আমার ভালোবাসা রয়েই গেছে। সে ভালোবাসা থেকেই এবার গানটি করেছি।’
কথায় কথায় জানালেন, যখন তিনি একান্তে থাকেন, তখন গুনগুন করে রবীন্দ্রসংগীতই গান। তাঁর গুনগুন করে গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘সেই ভালো সেই ভালো’, ‘তুমি রবে নীরবে’।
‘আমার পরান যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’ গানটিতে পড়শি কণ্ঠ দিয়েছেন সপ্তাহখানেক আগে। এ গানের সঙ্গে বাদ্যযন্ত্র বলতে ছিল শুধু পিয়ানো। পড়শি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ নৃত্যনাট্যে রয়েছে গানটি। মূল গানের ভাবনা ঠিক রেখে সংগীতায়োজন করেছেন সন্ধি।
গত মঙ্গলবার গানটির মিউজিক ভিডিওর কাজ হলো। শুটিং হয়েছে ধামরাইয়ের জমিদারবাড়িতে। পরিচালনা করেছেন রম্য খান।
পড়শি আরও জানিয়েছেন, ঈদ উপলক্ষে এই মিউজিক ভিডিওটি তৈরি করছেন তিনি। ঈদের আগে তা দেখা যাবে ইউটিউব আর টিভি চ্যানেলগুলোতে।