
হাবিব ওয়াহিদের গানের ভিডিও এখন শুধু ইউটিউব কিংবা দেশি টিভি চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে না। তাঁর গান ‘হারিয়ে ফেলা ভালোবাসা’র ভিডিও প্রচার হচ্ছে লন্ডনভিত্তিক বলিউডের গানের চ্যানেল ‘বি ফর ইউ মিউজিক’-এ। গতকাল থেকে চ্যানেলটিতে প্রচার হচ্ছে সেই গানের ভিডিও। এমনটিই জানালেন হাবিব ওয়াহিদ।
মুক্তির পর থেকেই হাবিবের গান ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ উঠে আসে আলোচনায়। গত এপ্রিলে প্রকাশ পায় গানের ভিডিওটি। এতে হাবিবের সঙ্গে মডেল ছিলেন পিয়া বিপাশা। হাবিব জানান, তাঁর এই গানের ভিডিওটি বি ফর ইউ মিউজিক চ্যানেলের ইউরোপ নেটওয়ার্কে প্রচার হচ্ছে। এই চ্যানেলটি ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তবে হাবিবের গানটি দেখা যাবে ইউরোপীয় অঞ্চলে। ভিনদেশি দর্শকদের জন্য গানটিতে যোগ করা হয়েছে ইংরেজি সাব-টাইটেলও। এ মাসের শেষে লন্ডনে একটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন হাবিব। সেই কনসার্টের আয়োজকেরাই তাঁর গানের ভিডিওটি সেখানকার মিউজিক চ্যানেলে জমা দেন বলে হাবিব জানান।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন চ্যানেল বি ফর ইউ মিউজিক-এ গানের ভিডিও প্রচার নিয়ে এখন এই শিল্পীর দারুণ উচ্ছ্বাস। তিনি বলেন, ‘এটা আমাদের বাংলা গানের জন্য ইতিবাচক ঘটনা। বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্যও এটা একটা বিশেষ পাওয়া। এর ফলে প্রবাসী তরুণ-তরুণীরা বাংলা গান শুনতে উৎসাহী হবে।’