
“গ্যাংস্টা’স প্যারাডাইস” খ্যাত মার্কিন র্যাপার কুলিও মারা গেছেন। গতকাল ৫৯ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয় বলে ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি। জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে।
তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্যারামেডিক চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর ম্যানেজার জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে র্যাপারের মৃত্যু হয়ে থাকতে পারে।
গায়কের মৃত্যু নিয়ে তাঁর ম্যানেজার এক বিবৃতিতে বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু ও মক্কেল কুলিও, আজ (গতকাল) বিকেলে মারা গেছেন। যিনি তাঁর প্রতিভা দিয়ে পৃথিবীতে নিজের ছাপ রেখে গেছেন। আমরা তাঁকে মিস করব।’
১৯৬৩ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম নেওয়া গায়কের আসল নাম আর্টিস লিওন আইভে জুনিয়র।
১৯৮০-র দশকে গান গাওয়া শুরু করেন কুলিও। কিন্তু ১৯৯৫ সালে “গ্যাংসটা’স প্যারাডাইস” রেকর্ডের পর হিপ হপ গানের জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। গানটি ছিল ‘ডেঞ্জারাস মাইন্ডস’ ছবির সাউন্ড ট্র্যাকের অংশ, যা সংগীত স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে বিলিয়নের বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে। পরে গানটির জন্য সেরা র্যাপ গায়ক হিসেবে গ্র্যামি পুরস্কারও পান কুলিও। গানটি তিন সপ্তাহ বিলবোর্ড হট হান্ড্রেড তালিকার শীর্ষে ছিল।
চার দশকের ক্যারিয়ারে কুলিও আটটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। যার সর্বশেষটি ‘ফ্রম দ্য বটম টু দ্য টপ’ মুক্তি পায় ২০০৯ সালে। গ্র্যামি ছাড়াও জেতেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও তিনটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড।