উৎসবে কনসার্টে ব্যস্ত থাকবেন জেমস, ওয়ারফেজ, শিরোনামহীন ও অ্যাশেজের সদস্যরা। কোলাজ
উৎসবে কনসার্টে ব্যস্ত থাকবেন জেমস, ওয়ারফেজ, শিরোনামহীন ও অ্যাশেজের সদস্যরা। কোলাজ

অফ সিজনে উৎসবের আমেজ

প্রচলিত অর্থে সময়টা ব্যান্ড সংগীতের ‘সিজন’ না হলেও সামনের কয়েক মাস দেশের ব্যান্ডগুলো ব্যস্ত সময় পার করবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নানা সংকট ও জাতীয় নির্বাচন ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে কিছুটা স্থবিরতা ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদ ও পয়লা বৈশাখ ঘিরে কনসার্ট ও ঘরোয়া আয়োজন বাড়বে—বলছেন ব্যান্ড সংগীতশিল্পী ও আয়োজকেরা।

উৎসবজুড়েই ব্যস্ততা
ঈদের চতুর্থ দিন ২৪ মার্চ ঝালকাঠিতে কনসার্ট করবে ওয়ারফেজ। এর পর থেকে টানা ব্যস্ততা। মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ১৫ থেকে ২০টি শো করবে ব্যান্ডটি। পাশাপাশি আরও কিছু কনসার্টের আলোচনা চলছে। ব্যান্ডটির দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু প্রথম আলোকে বলেন, ‘প্রচুর ফোন আসছে, তবে সব ঠিক থাকলেই নিশ্চিত করছি। পয়লা বৈশাখের দিন দুটি কনসার্ট রয়েছে, আগে–পরের সপ্তাহগুলোতেও চাপ রয়েছে। সব মিলিয়ে ভালোই ব্যস্ততা।’

ওয়ারফেজের সদস্যরা। ব্যান্ডের সৌজন্যে

নগরবাউল জেমসের ঈদের পরে ব্যস্ততা রয়েছে। নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন প্রথম আলোকে বলেন, ‘ঈদের পর ৪-৫টা শো চূড়ান্ত করেছি। স্বাধীনতা দিবস উপলক্ষেও ঢাকায় কনসার্ট আছে। পয়লা বৈশাখেও কয়েকটি শো নিয়ে আলোচনা চলছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। ওপেন এয়ার শোর অনুমতি নিয়ে জটিলতা ছিল, তা কেটেছে।’

তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ঈদের দ্বিতীয় সপ্তাহে রাজধানী ও আশপাশের জেলায় ব্যান্ডটির টানা ১০টি শো রয়েছে। মে মাসে তারা ইউরোপ সফরে যাবে। দেশে ফিরেই আবার কনসার্টে ব্যস্ত থাকবে অ্যাশেজ। ব্যান্ডটির দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন থেকে প্রথম সাত দিন অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এ সময়টা পরিবারের জন্য বরাদ্দ। এর পর থেকে টানা কনসার্ট। কিছু কনসার্ট পেন্ডিং আছে, আশা করি সেগুলো খুব দ্রুত চূড়ান্ত হয়ে যাবে।’

অ্যাশেজের সদস্যরা। ব্যান্ডের সৌজন্যে

ঈদের চতুর্থ দিন ২৪ মার্চ কক্সবাজারে কনসার্ট করবে শিরোনামহীন। এরপর এ মাসেই চাঁদপুর, গাজীপুরে কনসার্ট রয়েছে। এপ্রিলের প্রথম দুই সপ্তাহে ব্যান্ডটির ৭টির মতো কনসার্ট রয়েছে। পয়লা বৈশাখে আছে বেশ কটি কনসার্ট। এপ্রিলের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া ট্যুরে যাবে শিরোনামহীন।

শিরোনামহীনের সদস্যরা। ব্যান্ডের সৌজন্যে

২৬ এপ্রিল সিডনিতে বৈশাখী মেলায় পারফর্ম করার কথা রয়েছে। ব্যান্ডের ড্রামার কাজি আহমেদ শাফিন প্রথম আলোকে বলে, ‘ভালো রেসপন্স পাচ্ছি। দুই মাস আগের ডেটও অনেকে লক করছেন, এটা অবশ্যই ইতিবাচক। ঈদ ও পয়লা বৈশাখে অনেক শো হাতে আছে, একই দিনে দু থেকে তিনটি প্রস্তাবও আছে, অনেক কিছু চিন্তা করেই শো চূড়ান্ত করছি। আয়োজকদের অভিজ্ঞতার সঙ্গে ভালো সাউন্ড সিস্টেম, নিরাপত্তা সব ঠিকঠাক হলেই নিশ্চিত করছি।’

কী বলছেন আয়োজকেরা
নগরবাউল, ওয়ারফেজ, মাইলস, সোলস, অর্থহীনসহ দেশের বড় ব্যান্ডগুলোর কনসার্টে সাউন্ড সরবরাহ করে এসপি রিদম। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান জানান, ঈদের পর থেকে বড় ব্যান্ডগুলোর টানা কনসার্ট রয়েছে। আবহাওয়ার কারণে আউটডোর কনসার্ট কিছুটা কম হলেও সার্বিক অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দেশের সব প্রান্ত থেকেই কল পাচ্ছি। করপোরেট, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জেলা, উপজেলায় আউটডোর কনসার্ট আছে। এপ্রিলে শুধু পয়লা বৈশাখ নয়, আগের, পরের সপ্তাহেও ভালো চাপ আছে।’

একটি কনসার্টে গাইছেন জেমস। ফাইল ছবি

সাউন্ড সরবরাহকারী আরেক প্রতিষ্ঠান ডিজে প্রোর প্রধান নির্বাহী শামিম আহমেদ প্রথম আলোকে জানান, উৎসবের মৌসুম ঘিরে তাদের প্রস্তুতি চলছে। বলেন, ‘গত দুই বছর অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে, আমরাই কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আশা রাখছি ঈদ-পয়লা বৈশাখে সংগীতাঙ্গনে ভালো একটা সময় কাটবে। ছুটির দিনগুলো প্রায় সব বুক আছে, একই তিনি ২-৩টি শোর কলও পাচ্ছি।’