
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছেন শহীদ মাহমুদ জঙ্গী । সঙ্গে আইয়ুব বাচ্চু ও পার্থ বড়ুয়া। পরদিন বিটিভিতে গানের রেকর্ডিং। ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানের মুখরা আগেই লেখা ছিল। ঢাকায় আসার পথে মাইক্রোবাসে বসেই জঙ্গী লিখে ফেললেন দুটি অন্তরা। ঢাকায় পৌঁছে হোটেল ব্লু নাইলের একটি কক্ষে বাচ্চু তুলে নিলেন গিটার, পার্থ বসলেন কি-বোর্ডে। সারা রাতের কাজে তৈরি হলো গানটি। পরে সেটি জায়গা পেল এলআরবির প্রথম অ্যালবামে। একটি গান তৈরির এই গল্প প্রথম আলোয় লিখেছিলেন জঙ্গী নিজেই।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের পরিচিত বহু গানের নেপথ্যে থাকা সেই গীতিকবি এবার লিখেছেন বাংলা গানের শত বছরের ইতিহাস। প্রায় ছয় বছরের গবেষণায় লেখা তাঁর বইয়ের নাম ‘গ্রামোফোন থেকে অডিও ক্যাসেট: শত বছরের বাংলা গান’। আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন হয় শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার রেনেসাঁ হোটেলে। প্রকাশনা আড্ডার আয়োজন করে আজব কারখানা।
শত বছরের গানের পেছনে যাঁরা
প্রকাশনা আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গী জানান, বইটির আলোচনার সময়সীমা ১৮৯১ থেকে ১৯৯১ সাল। গ্রামোফোনের যুগ থেকে অডিও ক্যাসেটের সময় পর্যন্ত বাংলা গানের যাত্রা তুলে ধরতে তিনি ২২৫ শিল্পী ও সুরকারের কাজের কথা লিখেছেন। পাশাপাশি রয়েছে গীতিকবিদের পরিচয় ও বাংলা গানে তাঁদের অবদানের আলোচনা।
লেখকের আশা, বইটি বাংলা গানের ইতিহাস নিয়ে পরবর্তী গবেষণায় কাজে লাগবে।
বইয়ের শিরোনামে যে দুই মাধ্যমের কথা এসেছে, তার একটি বাংলা গানের বাণিজ্যিক রেকর্ডিংয়ের শুরুর সময়কে মনে করিয়ে দেয়, অন্যটি বাংলাদেশের ব্যান্ড সংগীতের অ্যালবামের যুগকে। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯০২ সালে কলকাতায় গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং প্রকৌশলী ফ্রেডেরিক উইলিয়াম গেইসবার্গ গওহর জানের গান রেকর্ড করেন। কলকাতায় এইচএমভি, কলাম্বিয়া ও পঠের মতো প্রতিষ্ঠানের রেকর্ড জনপ্রিয় হয়েছিল। ঢাকাতেও চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন গড়ে তুলেছিলেন ‘ঢাকা রেকর্ড’ নামে একটি গ্রামোফোন রেকর্ড প্রতিষ্ঠান ।
সোলস, রেনেসাঁ ও এলআরবির গানে জঙ্গী
১৯৫৬ সালের ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্ম শহীদ মাহমুদ জঙ্গীর। জীবনের বড় একটি সময় কেটেছে চট্টগ্রামে। ১৯৮৫ সাল থেকে ব্যবসা ও গানের সূত্রে ঢাকায় থিতু হন। তাঁর লেখা গান ছড়িয়ে আছে সোলস, রেনেসাঁ ও এলআরবির অ্যালবামে। সোলসের ‘চায়ের কাপে পরিচয়’ ও ‘ভালোবাসি ওই সবুজের মেলা’, রেনেসাঁর ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’ ও ‘আজ যে শিশু’, এলআরবির ‘একদিন ঘুম ভাঙা শহরে’ তাঁর লেখা। সামিনা চৌধুরীর কণ্ঠে ‘সময় যেন কাটে না’ও লিখেছেন তিনি।
আশির দশকে সোলসের জন্য প্রেমের গানের পাশাপাশি সমাজ ও সময় নিয়েও লিখেছেন জঙ্গী। তিনি জানিয়েছেন, সোলসের দ্বিতীয় অ্যালবামের জন্য লিখেছিলেন ‘মুক্তো মানিক পাবার আশায়’। গানটির সুর করেছিলেন তপন চৌধুরী। আইয়ুব বাচ্চুর গাওয়া প্রথম বাংলা গান ‘হারানো বিকেলের গল্প’ও তাঁর লেখা। প্রথম আলোয় জঙ্গীর স্মৃতিচারণায় আছে ‘একদিন ঘুম ভাঙা শহরে’র পরের অধ্যায়টিও। সোলস ছাড়ার দিন আইয়ুব বাচ্চু তাঁকে জানিয়েছিলেন, গানটি তিনি সোলসের কাছ থেকে চেয়ে নিয়েছেন। পরে নিজের ব্যান্ড এলআরবির প্রথম অ্যালবামে গানটি রাখেন বাচ্চু।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জঙ্গীর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় স্মৃতিচারণাগ্রন্থ ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’। জয় শাহরিয়ারের সম্পাদনায় ওই বইয়ে নকীব খান, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, ফোয়াদ নাসের বাবু, পিলু খান, পার্থ বড়ুয়াসহ তাঁর সহযাত্রীরা লিখেছেন। তাঁদের স্মৃতিতে উঠে এসেছে গান তৈরির অভিজ্ঞতা এবং ঢাকা-চট্টগ্রামের সংগীতজগতের সঙ্গে জঙ্গীর দীর্ঘ সম্পর্ক।
প্রকাশনা আড্ডায় গানের ইতিহাস সংরক্ষণের কথা
শুক্রবারের প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসিম আলী খান, পিলু খান, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ, লাবু রহমান ও শাহজাদা মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, ‘আমাদের দেশে গান নিয়ে গবেষণা ও বই প্রকাশের চর্চা একেবারেই নেই বললেই চলে। সে ক্ষেত্রে এই বই একটি মাইলফলক হয়ে থাকবে।’ এ কাজের জন্য তিনি লেখক ও প্রকাশককে অভিনন্দন জানান। ফোয়াদ নাসের বাবুর কথায়, ‘আমাদের গানের যে ঋদ্ধ অতীত, তা সংরক্ষণে এমন গবেষণাধর্মী কাজ খুবই গুরুত্বপূর্ণ।’
প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, বাংলা গানের ইতিহাস চর্চা ও সংরক্ষণে বইটি ভূমিকা রাখবে। তাঁর মতে, বাংলাদেশে এত বড় পরিসরে এ ধরনের কাজ এবারই প্রথম। অমর একুশে বইমেলার আগে প্রকাশিত বইটি আজব প্রকাশের ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন বইয়ের দোকান থেকে অর্ডার করা যাচ্ছে।