
ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে চান না সালমা। নতুন বছরটা কাজ ও দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকতে চান। এমনকি কারও সম্পর্কে পেছনেও কোনো কথা বলতে চান না এই গায়িকা। এসব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমা আক্তার জানিয়েছেন, ‘এই সালমা কান্না করলেও ঘরের মধ্যে।’
কেন সালমা ঘরের মধ্যে কাঁদতে চান? এ প্রসঙ্গে এই গায়িকা এক সাক্ষাৎকারে বলেন, ‘যাঁরা আমাকে চেনেন, আমার ভক্ত, আমার গানের মানুষ, সহকর্মী। তাঁরা জানেন, আমি এই সংসারে কতটা এফোর্ট দিয়েছি। সবকিছু মিলিয়ে চাওয়া সে ভালো থাকুক।’
২০১৮ সালে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেছিলেন সালমা। বিয়ের সাত বছরের মাথায় স্বামীর পক্ষ থেকে এই বিচ্ছেদের খবর প্রকাশ পায়। পরে সালমা নিজেও গণমাধ্যমে জানান, তাঁরা বিচ্ছেদ করতে যাচ্ছেন। তবে স্বামীর প্রতি তাঁর ভালোবাসা আগের মতোই রয়েছে।
বিচ্ছেদের নানা প্রসঙ্গে সালমা কথা বলেন। এই সময় তাঁর পাশে ছিল মেয়ে। সালমা আরও বলেন, ‘আমার মেয়ে সাফিয়া। সে কিন্তু দেখতে তার বাবার মতো। এখন আমার ভালোবাসার মানুষ ও আমার কন্যার বাবা সে। তাকে সেই সম্মানটা আমাকে দেখাতে হবে। মেয়ে তো একসময় বড় হবে। আমি যে স্টেটমেন্টগুলো দিচ্ছি, সেগুলো তো থেকে যাবে। কোনো একদিন মেয়ে এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। তখন আমি নিজেই ছোট হব। এটা তো আমি চাই না।’
সাক্ষাৎকারে সালমা আরও বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, সেই সালমা তখন অন্য একটি মানুষকে নিয়ে কী বলেছে, সেটা এক কথা। সেটা ছিল আলাদা জীবন। কিন্তু ২০২৬ সালটা আমার জন্য নতুন বছর। হয়তো নতুন করে সালমার জন্ম হলো। এই সালমা যদি কান্নাও করে, সেটা ঘরের মধ্যে। বাকি সময়টা আমি হাসতে চাই, গান করে যেতে চাই। আমার মেয়েদের মানুষ করে যেতে চাই। তাদের সুন্দর একটি জীবন দিতে চাই। আমার মা–বাবা, ছোট ভাই রয়েছে। সোশ্যাল ওয়ার্ক করি। সবার প্রতি অনেক দায়িত্ব রয়েছে। সেগুলো নিয়েই থাকতে চাই।’ বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমা আরও জানান, বর্তমানে একাধিক গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত।