আশা ভোসলে। এএফপি ফাইল ছবি
আশা ভোসলে। এএফপি ফাইল ছবি

নিজের যে শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন আশা ভোসলে

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে ১২ এপ্রিল মারা গেছেন। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এক সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন এই সংগীতশিল্পী, তবে দুর্ভাগ্যজনকভাবে তা পূরণ হয়নি।
২০২৫ সালে একটি পডকাস্টে এই ইচ্ছার কথা অকপটে জানিয়েছিলেন আশা।

‘কাপল অব থিংস’ অভিনেত্রী অমৃতা রাও ও আরজে আনমোলের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন, ‘৮২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। এখন একটাই ইচ্ছা—গাইতে গাইতেই যেন আমার শেষনিশ্বাস বের হয়।’ কথাগুলো ছিল সহজ, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল একজীবনের গভীর ভালোবাসা। কিন্তু আশার এই ইচ্ছা পূরণ হয়নি। গত শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আশা। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ ও বয়সজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি; শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় এই শিল্পীর।

বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান গেয়েছেন আশা ভোসলে। হিন্দির পাশাপাশি ২০টির বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেছেন। গজল, শাস্ত্রীয়, আধুনিক—সব ঘরানাতেই ছিল তাঁর সমান দখল।

ভারতের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান আজও সমান জনপ্রিয়।

ইন্ডিয়া টুডে অবলম্বনে