‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর একমাত্র ছেলে মাসাব হক।
মাসাব হক প্রথম আলোকে বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ ফেব্রুয়ারি তাঁকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। গতকাল তাঁকে কেবিনে দেওয়া হয়। আজ সকালে তিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন।’
মাসাব হক জানান, আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে দস্তগীর হকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডটি গঠিত হয় ১৯৭২ সালে। ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ডসংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সেই সময়ের তরুণসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
দস্তগীর হক একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সন্তান। তিনি প্রথম বাংলাদেশি গিটারবাদক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পাওয়া নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচিত শিল্পী আলমগীর হকের ছোট ভাই। তাঁর বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই পরিবার কয়েক দশক ধরে উপমহাদেশের সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।