সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর ভবন নিয়ে আয়োজন করা হয়েছিল শিল্পী মাহবুবুর রহমানের তৈরি ‘আলো’ শীর্ষক প্রদর্শনী। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনে গত ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয়েছে গতকাল ২ মার্চ সোমবার। অনেকের সঙ্গে এদিন প্রদর্শনী দেখতে এসেছিলেন ‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী। প্রদর্শনী দেখে এ সংগীতশিল্পী জানান, এটা ঘুরে দাঁড়ানোর শক্তির বহিঃপ্রকাশ।
মাহাদী বলেন, ‘সংবাদপত্র তো গণমানুষের কণ্ঠস্বর, আমাদের সবার আওয়াজ। সেটাকে বন্ধ করে দিতে যাওয়ার যে চেষ্টা, সেটা তো কখনোই আসলে সামগ্রিকভাবে সবার জন্য ভালো নয়। এটা অত্যন্ত দুঃখের ও নিঃসন্দেহে অত্যন্ত মর্মান্তিক। পুড়িয়ে দেওয়া এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি এবং ইচ্ছা এই প্রদর্শনীতে ফুটে উঠেছে। এটাই ঘুরে দাঁড়ানোর শক্তির বহিঃপ্রকাশ।’
মাহাদী আরও বলেন, ‘আমি দেখলাম একটা ধ্বংসস্তূপের মধ্যে বেশ কিছু কবুতর, গাছ; সেখান থেকে যে প্রাণের সঞ্চার হচ্ছে, মানে ধ্বংস থেকেও যে আবার নতুন করে প্রাণের সঞ্চার হচ্ছে, এই জিনিসটা আমার অত্যন্ত ভালো লেগেছে।’
‘আলো’ শীর্ষক এ আয়োজন দেখতে এসেছিলেন সরকারের প্রতিমন্ত্রী, খ্যাতিমান চিত্রশিল্পী, কূটনীতিক, অভিনয়শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন।