প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাঁরা বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য অর্থ পাঠান। তাঁদের শ্রমে উপকৃত হয় দেশ, উপকৃত হয় পরিবার ও সমাজ। কিন্তু তাঁদের বুকের ভেতরে জমে থাকা কষ্ট, নিঃসঙ্গতা আর মায়ের জন্য আকুলতা—সেই গল্প আমরা কতটুকু জানি? সেই অদেখা অনুভূতির ভাষা তুলে ধরেছে লোকগানের দল ‘বাউলা’। নিয়ে এসেছে তাদের নতুন গান—‘বিদেশ আমার ভাল্লাগে না, মা’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গানটি প্রকাশ করা হয়েছে বাউলা বাংলাদেশ ইউটিউব চ্যানেলে।
গানটির প্রধান কণ্ঠ দিয়েছেন বাউলা ব্যান্ডের প্রকাশ আর্টিস্ট। তাঁর কণ্ঠে ভেসে উঠেছে এক অভিমানী সন্তানের আর্তি—‘মা, বিদেশ আমার ভাল্লাগে না’। গানটির কথা লিখেছেন ও সুরারোপ করেছেন চলচ্চিত্র পরিচালক সাইফুল ইসলাম মান্নু। তাঁর কথায় ধরা পড়েছে প্রবাসজীবনের টানাপোড়েন, আর সুরে মিলেছে লোকজ আবেগের গভীরতা।
হারমোনিয়ামে রবিন সরকার, ঢোলে মাসুম ও সাঈদ আহম্মেদ, বাঁশিতে আশিকুল, গিটারে ইকে মজুমদার ইস্তি, বেজ গিটারে অনুপ এবং পারকাশনে ছিলেন সোহেল। সংগীতায়োজন করেছেন রবিন সরকার ও ইকে মজুমদার ইস্তি। চিত্রপরিচালনায় ছিলেন রাইসুল ইসলাম অনিক।
প্রকাশ আর্টিস্ট বলেন, ‘‘‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’’ কেবল একটি গান নয়; এটি প্রবাসজীবনের নিঃসঙ্গ সন্ধ্যা, ভিডিও কলে মায়ের মুখ দেখে চুপচাপ চোখ মুছে নেওয়া এক সন্তানের গল্প। এটি ব্যস্ত নগরীর কোলাহলে দাঁড়িয়ে গ্রামের শিউলি-ঝরা ভোরকে মনে করার আকুতি।’