বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি নিউ সাউথ ওয়েলসের বার্ষিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন দুই শিল্পী লুইপা ও বাপ্পী
বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি নিউ সাউথ ওয়েলসের বার্ষিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন দুই শিল্পী লুইপা ও বাপ্পী

অপেরা হাউস থেকে বৈঠকি গান, লুইপা ও বাপ্পীর স্মৃতিমাখা সিডনি

কয়েক দিনের সফর শেষে দেশে ফেরার সময়ও যেন সিডনির আবেগ ছুঁয়ে ছিল তাঁদের চোখেমুখে। বিমানবন্দরে বিদায়ের মুহূর্তে বাংলাদেশের দুই কণ্ঠশিল্পী লুইপা ও মেজবা বাপ্পীর কণ্ঠে ছিল প্রবাসীদের ভালোবাসার উচ্ছ্বাস, আবার বিচ্ছেদের বিষণ্নতাও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় জানাতে গিয়ে তাঁরা লিখেছেন, ‘বিদায় সিডনি, তোমাদের ভালোবাসা অনেক মিস করব।’

অল্প কয়েক দিনের এই সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গান, আড্ডা আর স্মৃতিমাখা মুহূর্তে জড়িয়ে গেছেন দুই শিল্পী। বড় আয়োজনের মঞ্চ থেকে শুরু করে অন্তরঙ্গ ঘরোয়া বৈঠকি সন্ধ্যা—সবখানেই তাঁরা পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা ও গভীর ভালোবাসা।
বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলসের আমন্ত্রণে কয়েক দিন আগে সিডনিতে আসেন এই দুই শিল্পী। ৯ মে চিকিৎসকদের বার্ষিক আয়োজনে গান পরিবেশনের পর ১২ মে তাঁরা অংশ নেন এক ভিন্নধর্মী বৈঠকি সন্ধ্যায়। সিডনির জ্যেষ্ঠ চিকিৎসক নাজমুন নাহারের বাসভবনে আয়োজিত সেই ঘরোয়া আসর যেন পরিণত হয়েছিল আবেগ আর স্মৃতিমাখা এক মিলনমেলায়।

ছিমছাম আয়োজনে লুইপা একের পর এক গেয়ে শোনান পরিচিত সব গান। ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানের প্রথম সুর ভেসে উঠতেই ঘরের ভেতর নেমে আসে এক অদ্ভুত নীরবতা। এরপর ‘যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক’—লুইপার কণ্ঠে গানগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায় প্রবাসের মাটিতে। অন্যদিকে মেজবা বাপ্পী শোনান ‘ওরে নীল দরিয়া’, ‘যারে দেখি লাগে ভালো’, ‘অলির কথা শুনে বকুল হাসে’ ও ‘আমি বাংলায় গান গাই’।

ঘরোয়া সংগীতের আসরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে লুইপা ও বাপ্পী

তাঁর গানে উপস্থিত প্রবাসীরা যেন ফিরে যান বহুদিনের চেনা বাংলাদেশে। আর ‘ওরে সালেহা, ওরে মালেকা’ গানের সময় ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে গুনগুন করে গলা মেলাতে থাকেন অনেকে। মুহূর্তেই পুরো পরিবেশ হয়ে ওঠে নস্টালজিক।

সিডনির অপেরা হাউসের সামনে সফরসঙ্গীদের সঙ্গে লুইপা ও বাপ্পী

অনুষ্ঠানে প্রথম আলোর সঙ্গে কথা বলেন লুইপা। তিনি বলেন, ‘সিডনিতে এসে আমরা যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অভাবনীয়। চিকিৎসকদের মতো মহৎ পেশার মানুষদের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা আলাদা। বড় মঞ্চে আলো-ঝলকের মধ্যে নয়, একেবারে কাছাকাছি বসে গান গাইলে মানুষের চোখের ভাষা বোঝা যায়। তখন বুঝতে পারি, গানটা তাঁদের ভেতরে পৌঁছেছে কি না। সেটাই সবচেয়ে বড় পাওয়া।’
২০১০ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী আরও বলেন, ‘প্রবাসে থাকা মানুষ দেশ থেকে দূরে থাকলেও তাঁদের হৃদয়ে বাংলাদেশ সব সময় বেঁচে থাকে। আমরা যখন গান গাই, তখন সেই দেশটা যেন আরও একটু কাছে চলে আসে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছে একুশে একাডেমি অস্ট্রেলিয়া

২০১২ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ ও পরে ভারতের ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে পরিচিতি পাওয়া মেজবা বাপ্পীও সিডনির অভিজ্ঞতায় মুগ্ধ। তিনি বলেন, ‘প্রবাসের মাটিতে দর্শকদের এই প্রাণবন্ত উপস্থিতি আর গানের প্রতি গভীর ভালোবাসা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সিডনির মানুষ খুবই আন্তরিক ও শিল্পমনা। অপেরা হাউস, হারবার ব্রিজ—সবকিছুই অসাধারণ। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার বাংলাদেশিদের ভেতরে দেশের প্রতি টানটা এখনো এত গভীরভাবে বেঁচে আছে দেখে।’

অনুষ্ঠানে বিএমএসের বার্ষিক স্মারক উন্মোচন করছেন আয়োজক ও অতিথিরা

তিনি আরও বলেন, ‘এই সফরের স্মৃতি আমরা অনেক দিন মনে রাখব। বারবার এই শহরে ফিরে আসতে ইচ্ছে করবে।’ অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এভাবে কাছাকাছি বসে গান শোনার আনন্দই আলাদা। মনে হয়, শিল্পী যেন শুধু আমার জন্যই গাইছেন।’ চিকিৎসক আজিজ জামান বলেন, ‘লুইপা ও মেজবা বাপ্পীর কণ্ঠে পরিচিত গানগুলো শুনে মনে হচ্ছিল, যেন বহু বছর পেছনে ফিরে গেছি। তাঁদের গলায় যে আন্তরিকতা আর উষ্ণতা, তা সত্যিই বিরল। এই ঘরোয়া সংগীত সন্ধ্যা দীর্ঘদিন মনে থাকবে।’

জমিয়ে গাইছেন লুইপা

উপস্থিত আরেক চিকিৎসক মাসুম আহমেদ বলেন, ‘এত ব্যস্ততার মধ্যেও এই সন্ধ্যায় এসে যেন একটু নিশ্বাস ফেলতে পারলাম। গান কী করে মানুষকে এতটা কাছে নিয়ে আসতে পারে, তা আজ আবার বুঝলাম।’

সিডনি সফরে এই দুই শিল্পী শহরের বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখেছেন। অপেরা হাউস থেকে হারবার ব্রিজ—সবখানেই ছিল তাঁদের পদচারণ। চিকিৎসকদের বার্ষিক অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া বৈঠকি আয়োজন—সব মিলিয়ে সিডনির কয়েকটি দিন তাঁদের জন্য হয়ে থাকল গান, ভালোবাসা আর স্মৃতির এক বিশেষ অধ্যায়।

প্রবাসীরা যেন ফিরে যান বহুদিনের চেনা বাংলাদেশে