ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচারকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের টানাপোড়েনের খবর সামনে এসেছে। এ ঘটনায় পাকিস্তানের সামরিক শাসন ও ইমরান খানের সঙ্গে আচরণ নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী হামিন আহমেদ। একই সঙ্গে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টিও সামনে এনেছেন তিনি।
বিষয়টি নিয়ে আজ শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে হামিন আহমেদ লিখেছেন, ‘পাকিস্তানে কিছুই বদলায়নি। এখনো সেই একই গল্প—সামরিক শাসন, আর নিজেদের দেশের মানুষের ওপর হত্যা ও নিপীড়ন।’
ইমরান খানের প্রসঙ্গ টেনে হামিন লিখেছেন, ‘অত্যন্ত জনপ্রিয় ও নির্বাচিত ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর তাঁকে কারাগারে বন্দী করা হয়েছে, যার স্পষ্ট উদ্দেশ্য তাঁকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়া।’
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে হামিন আহমেদ লিখেছেন, ‘সেনাপ্রধান আসিম মুনির এবং তাঁর সাঙ্গপাঙ্গদের এই অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি শেষ পর্যন্ত তাঁদের ওপরই বুমেরাং হয়ে ফিরে আসবে—ঠিক যেভাবে বাংলাদেশেও হয়েছিল!’
এরপর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন হামিন আহমেদ। তিনি লিখেছেন, ‘বাংলাদেশেরও পাকিস্তানকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তারা আমাদের বন্ধু নয়; নিজেদের স্বার্থ ও এজেন্ডা বাস্তবায়নের জন্য বন্ধুত্বের ভান করে মাত্র।’
১৯৭১ সালের প্রসঙ্গ এনে তিনি আরও লিখেছেন, ‘তা ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াও এখনো বাকি। তাই তাদের সঙ্গে অন্যান্য সব বিষয়ও ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখা উচিত।’
হামিন আহমেদের এই মন্তব্যের সূত্রপাত হয়েছে লর্ডস টেস্টে ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচারকে ঘিরে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসে প্রচারিত ওই সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে। কারাগারে বাবার জীবন নিয়েও শঙ্কার কথা জানান তাঁরা। ইমরান প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দী। সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগের কথা সামনে এসেছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। এমনকি সাক্ষাৎকার প্রচার নিয়ে আপত্তি জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল পিসিবি।
প্রতিবেদন অনুযায়ী, লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকার নিয়ে আপত্তি জানায় পিসিবি। এরপর সাক্ষাৎকারটির প্রচার কিছুটা পিছিয়ে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে তাঁদের মাঠে নামার কথা ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান দল।