
বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট ও এনএফএলের তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের বাগ্দানের পর থেকেই তাঁদের বিয়ে কবে হবে, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মামদানি। সেখানে নিউইয়র্কে গ্রীষ্মকালীন ব্যস্ত আয়োজনগুলোর কথা বলতে গিয়ে হঠাৎই তিনি উল্লেখ করেন টেইলর সুইফটের বিয়ের বিষয়টি।
মেয়র বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্যাপন। এবার একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’
মেয়রের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে। কারণ, এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি কেউই তাঁদের বিয়ের তারিখ প্রকাশ করেননি। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন—মেয়র কি অনিচ্ছাকৃতভাবেই কোনো গোপন তথ্য ফাঁস করে ফেললেন?
তবে পরে সাংবাদিকেরা সরাসরি জানতে চান, তিনি কি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত? জবাবে হাসতে হাসতেই মেয়র বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাঁদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।’
এরপর মজার ছলে টেইলরের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর উল্লেখ করে বলেন, ‘আমি বাড়িতে বসেই গানটা শুনব।’
যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের দাবি, টেইলর ও ট্রাভিস আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা করছেন। এমনকি অনুষ্ঠানটি নিউইয়র্কের ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। খবর অনুযায়ী, যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য জানার আগে গোপনীয়তা চুক্তি বা এনডিএতে স্বাক্ষর করতে হয়েছে।
অতিথি তালিকায় থাকতে পারেন হলিউড ও সংগীতজগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ ও সেলেনা গোমেজের নাম শোনা যাচ্ছে।
২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটিতে পরিণত হন। ২০২৫ সালের আগস্টে কেলসি বিয়ের প্রস্তাব দিলে তাঁদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করে।
এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে এই যুগলকে। সম্প্রতি তাঁরা ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘ওহ, ম্যারি!’ দেখতে গিয়েছিলেন। আবার বিভিন্ন ডিনার ডেট ও ব্যক্তিগত মুহূর্তও নিয়মিত ধরা পড়ছে পাপারাজ্জিদের ক্যামেরায়।
টেইলর ও ট্রাভিস এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও, নিউইয়র্কের মেয়রের মন্তব্যে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। এখন দেখার বিষয়, জুলাইয়ের শুরুতেই কি সত্যিই বসতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত তারকাবিয়ের আসর।
পেক্স সিক্স অবলম্বনে