সুপার বোলের মঞ্চে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর সুপারস্টার ব্যাড বানি। গতকাল রোববার স্প্যানিশ ভাষায় এক যুগান্তকারী পারফরম্যান্সে তিনি স্টেডিয়ামকে রূপ দিলেন এক বিশাল লাতিন স্ট্রিট পার্টিতে। রাজনৈতিক বিভাজনের বদলে ঐক্য, সংস্কৃতি আর ভালোবাসার বার্তাই ছিল তাঁর শোর মূল সুর। তবে তাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩১ বছর বয়সী ব্যাড বানির (আসল নাম বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও) পারফরম্যান্স ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। অনেকেই ধারণা করছিলেন, গ্র্যামিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির বিরুদ্ধে সরব হওয়ার পর সুপার বোলেতেও তিনি সরাসরি রাজনৈতিক বক্তব্য দেবেন। কিন্তু মঞ্চে তিনি বেছে নেন ভিন্ন পথ—খোলাখুলি রাজনীতির বদলে প্রতীক, দৃশ্য ও সংস্কৃতির মাধ্যমে সূক্ষ্ম বার্তা।
লাতিন সংস্কৃতির উদ্যাপন
মঞ্চসজ্জায় ছিল আখের বাগান, ঐতিহ্যবাহী ‘পিরাগুয়া’ (বরফের মিষ্টান্ন) কার্ট, এমনকি একটি বিয়ের দৃশ্য। শুরু করেন জনপ্রিয় গান ‘তিতি মি প্রিগুন্তো’ দিয়ে, এরপর নারীবাদী সুরের ‘ইয়ো পেরেও সোলা’—নৃত্যশিল্পীদের তালে তালে পুরো স্টেডিয়াম হয়ে ওঠে উৎসবমুখর।
অভিনেতা পেদ্রো পাসকল, জেসিকা অ্যালবা ও র্যাপার কার্ডি বি অতিথি হিসেবে হাজির হন ব্যাড বানির পরিচিত ‘লা কাসিতা’ সেটে, যা পুয়ের্তো রিকোর একটি ঘরের প্রতীকী রূপ।
ব্যাড বানির পোশাকও ছিল বার্তাবাহী—সাদা পোশাকের সঙ্গে একটি ফুটবল জার্সি। পরে তিনি পরেন ক্ল্যাসিক স্যুট ও জ্যাকেট।
সূক্ষ্ম রাজনৈতিক ইঙ্গিত
‘এল অ্যাপাগন’ গানে তিনি পুয়ের্তো রিকোর বিদ্যুৎ–সংকট ও নিজ দ্বীপে বাসিন্দাদের উচ্ছেদের বাস্তবতা তুলে ধরেন। একপর্যায়ে তিনি হাতে নেন পুয়ের্তো রিকোর পতাকা, যা দর্শকদের কাছে শক্তিশালী প্রতীকী বার্তা হিসেবে ধরা পড়ে।
শোতে একটি দৃশ্যে দেখা যায়, পুরোনো টিভিতে গ্র্যামি অনুষ্ঠান দেখছে একটি ছোট ছেলে। ব্যাড বানি তাকে তুলে দেন একটি সোনালি গ্রামোফোন ট্রফি—অনেকে এটিকে শিল্পীর শৈশবের প্রতীকী রূপ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়, ছেলেটি নাকি অভিবাসন ইস্যুতে আটক এক ইকুয়েডরিয়ান শিশু। তবে এনএফএল নিশ্চিত করেছে, সে একজন অভিনেতা; তার নাম লিংকন ফক্স।
চমক হিসেবে অতিথি শিল্পীরা
সুপার বোলেতে অতিথি হিসেবে হাজির হন লেডি গাগা, যিনি তাঁর হিট গান ‘ডাই উইথ আ স্মাইল’–এর লাতিন রিমিক্স পরিবেশন করেন—এটাই ছিল শোতে একমাত্র ইংরেজি লিরিক। এ ছাড়া পুয়ের্তো রিকোর আরেক তারকা রিকি মার্টিনও মঞ্চে যোগ দেন।
ঐক্যের বার্তা, ট্রাম্পের আপত্তি
গ্র্যামিতে ব্যাড বানি সরাসরি ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে কথা বললেও সুপার বোলেতে তিনি সরাসরি নাম নেননি। তবে শোর শেষে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, পুয়ের্তো রিকো ও লাতিন আমেরিকার দেশগুলোর নাম উচ্চারণ করে একটি ফুটবল ছুড়ে মারেন, যাতে লেখা ছিল—‘একসঙ্গে আমরাই আমেরিকা’। এ সময় স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ভেসে ওঠে এক বার্তা, ‘ঘৃণার চেয়ে শক্তিশালী একমাত্র জিনিস হলো ভালোবাসা’।
তবু ট্রাম্প বানির সমালোচনায় মুখর হন। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ‘এই লোকটা কী বলছে, কেউই বুঝতে পারছে না।’
যদিও সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৪ কোটি ১০ লাখের বেশি মানুষ স্প্যানিশভাষী। ট্রাম্প আরও বলেন, এই পারফরম্যান্স ‘আমেরিকার মহত্ত্বের প্রতি একধরনের অপমান’।
রক্ষণশীল মহলের ক্ষোভ
সুপার বোলে পুরোপুরি স্প্যানিশ ভাষায় শো—এ সিদ্ধান্ত শুরু থেকেই রক্ষণশীল মহলে ক্ষোভের জন্ম দেয়। এর আগে জেনিফার লোপেজ ও শাকিরা স্প্যানিশ গান গাইলেও পুরো শো স্প্যানিশে ছিল না। সেই মানদণ্ড এবার প্রথম স্থাপন করলেন ব্যাড বানি।
ভেগা বাজা থেকে বিশ্বমঞ্চ
পুয়ের্তো রিকোর ছোট শহর ভেগা বাজাতে বেড়ে ওঠা ব্যাড বানি একসময় সুপারমার্কেটে ব্যাগার হিসেবে কাজ করতেন। ‘সাউন্ড ক্লাউড’–এ ভাইরাল হওয়ার পর তাঁর বৈশ্বিক উত্থান।
গত বছর মুক্তি পায় ব্যাড বানির অ্যালবাম ‘দেবি তিরার মাস ফোতোস’, যা পুয়ের্তো রিকোর সংগীত ইতিহাসের এক ধরনের শ্রদ্ধার্ঘ্য। এই অ্যালবাম দিয়ে তিনি গ্র্যামিতে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জেতেন। এই প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে এই কৃতিত্ব অর্জন করল।
এএফপি অবলম্বনে