
নব্বইয়ের দশকে সাড়া জাগানো ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’খ্যাত পপ সংগীতশিল্পী সিনিয়াড ও’কনর গতকাল বুধবার রাতে মারা গেছেন। আইরিশ এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৫৬ বছর। কেন ও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি তাঁর পরিবার।
কিংবদন্তি এই সংগীতশিল্পীর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইরিশ জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিইতে জানায়, ‘আমাদের জন্য এটা অনেক বড় শোকের যে আমাদের ভালোবাসার সিনিয়াড আর নেই। তাঁর পরিবার, বন্ধুরা গভীরভাবে শোকাহত। এটা আমাদের জন্য কঠিন সময়।’
মাত্র ২১ বছরের এক তরুণী। বাধা না মানা সেই বয়সেই ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ নামের অ্যালবাম বের করেন। এই অ্যালবামের গানগুলো যেন শ্রোতাদের ভালো লেগে গেল। দেশের মধ্যে তুমুল আলোচনায় চলেন এলেন এ তরুণী।
একসময় দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সিনিয়াডকে পৌঁছে দেয় এসব গান। ১৯৮০ সালে যখন সেরা অ্যালবামের তালিকা প্রকাশ করা হয়, তখন ৪৬ নম্বরে এটি জায়গা করে নেয়। ক্যারিয়ারের সেই সাফল্যে কখনোই ভাটা পড়েনি। একের পর এক গান করে গেছেন তিনি।
পরবর্তী সময় সিনিয়াড তিন বছরের বিরতি দিয়ে ‘আই ডু নট ওয়ান্ট হোয়াট আই হ্যাভ নট গট’ অ্যালবাম প্রকাশ করেন। এটাও ভক্তদের কাছে তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তোলে এই সংগীতশিল্পীকে। সেই সময়ে সারা বিশ্বে ৭০ লাখ কপি অ্যালবাম বিক্রি হয়। এই অ্যালবামের ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’ গানটি সারা বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি সাড়া জাগায়। সেই গানটি ইউটিউবে ৪০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে।
অ্যালবামের পাশাপাশি স্টেজ শোতে সিনিয়াড জনপ্রিয়তা পান। তিনি সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। নব্বইয়ের দশকে সংগীতাঙ্গনে নারীদের আলাদা করে দেখা হতো, সেই ধারণা তিনি পরিবর্তন করেছেন। সেই সংগীতশিল্পীর মৃত্যু নিয়ে এখন যেন শোক বইছে আয়ারল্যান্ডে।
এক শোকবার্তায় আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স সিনিয়াডের সততা, তাঁর অসাধারণ কণ্ঠের প্রশংসা করে বলেছেন, ‘আইরিশ এমন একজন তরুণ সংগীতশিল্পীকে হারাল, যিনি ছিলেন কয়েক দশকের মধ্যে আমাদের সেরা, সবচেয়ে প্রতিভাধর সুরকার, গীতিকার ও পারফরমার। শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর।’
দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাডকার টুইটারে এক শোকবার্তায় লিখেছেন, ‘তার সংগীত সারা বিশ্বের মানুষের ভালোবাসা পেয়েছিল। তাঁর মেধা ছিল অনন্য। তাঁর পরিবার, বন্ধু এবং যাঁরা তাঁর গান পছন্দ করতেন, তাদের প্রতি সমবেদনা।’
সিনিয়াড ও’কনর জন্ম ১৯৬৬ সালের ৮ ডিসেম্বর। জানা যায়, তাঁর সর্বশেষ ১০তম অ্যালবাম ২০১৪ সালে প্রকাশ পায়।