মঞ্চে গাওয়ার সময় দর্শক সারি থেকে হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।
মঞ্চে গাওয়ার সময় দর্শক সারি থেকে হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।

কনসার্টে সংগীতশিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড়

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে গাওয়ার সময় দর্শক সারি থেকে তাঁকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।

মোহাম্মদ সুমন নামে এক দর্শক ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কনসার্ট চলাকালে সামনের দর্শকরা স্টেজে পানির বোতল নিক্ষেপ করে, দুর্ভাগ্যবশত একটা পানির বোতল ওনার মাথায় গিয়ে লাগে। কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নেন।’

রিয়াজ হান্নান নামে এক দর্শক লিখেছেন, ‘আমি ছিলাম দ্বিতীয় স্ক্রিনের একদম সামনে, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত করলেও পরে সেটাকে সবাই তামাশার পর্যায়ে নিয়ে আসে, পরক্ষণেই সবাই আবার হাসান ভাইকেই গাইতে বলতে থাকে।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। শিল্পীদের কেউ কেউ প্রতিবাদ করেছেন। প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন তখন তাঁকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল, ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।’

প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন।’

প্রিন্স মাহমুদের পোস্টে অভিনয়শিল্পী মিশা সওদাগর লিখেছেন, ‘ভাই আমাদের সবার এক হওয়া উচিত।’ রবি চৌধুরী লিখেছেন, ‘খুবই দুঃখজনক।’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই।’

আরেক পোস্টে সংগীতশিল্পী তানভীর তারেক লিখেছেন, ‘প্রিয় কণ্ঠশিল্পী হাসানকে অপমান করার চেষ্টা করেছে। কাল আরেকজনকে করবে, এদের প্রশ্রয় দিলেই এটা বাড়বে। অনুতাপ, অনুশোচনাহীনদের মাথা খারাপ হয়ে আরও অনেক কিছুই করার চেষ্টা করবে। প্রশাসন থেকে এদের চিহ্নিত করে ধরাটা খুব কঠিন কাজ না।’

কনসার্টটি আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।