লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে গাইছে বিটিএস
লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে গাইছে বিটিএস

পেরুতে ঝড় তুলেছে বিটিএস

পেরুর রাজধানী লিমায় তিনটি কনসার্টে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক টেনেছে কে-পপ ব্যান্ড বিটিএস। দেশটিতে এটাই দলটির প্রথম সফর। ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে কনসার্ট করে দলটি।

শুরুতে লিমায় দুটি কনসার্টের পরিকল্পনা ছিল। তবে ভক্তদের ব্যাপক চাহিদার কারণে তৃতীয় কনসার্টের আয়োজন করে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক। তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়।

কনসার্টজুড়ে প্রিয় দলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন ভক্তরা। উচ্ছ্বাস আর করতালিতে মুখর ছিল স্টেডিয়াম। সদস্যরাও কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলেন।

‘লস আমোস’ বলে ভক্তদের ভালোবাসা জানান তাঁরা। স্প্যানিশ এই কথাটির অর্থ, ‘আমি তোমাদের ভালোবাসি’। দর্শকদের উচ্ছ্বাস দেখে পেরুতে আরও আগে কেন আসেননি, সেই বিস্ময়ের কথাও জানান তাঁরা।

জিমিনের জন্মদিনে ড্রোন শো

বিটিএসের সদস্য জিমিনের জন্মদিন ১৩ অক্টোবর। লিমায় কনসার্টের সময় তাঁকে ঘিরে বিশেষ আয়োজন করেন ভক্তরা। কনসার্টে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদ্‌যাপনের আলাদা ব্যবস্থা ছিল না। তবে শহরজুড়ে ছিল নানা উদ্যোগ।

জিমিনকে শুভেচ্ছা জানাতে ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার ও এলইডি পর্দাসংবলিত ট্রাকের আয়োজন করেন ভক্তরা। ছিল ড্রোন শোও। রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে জিমিনের নাম, জন্মদিনের ছবি ও একটি বার্তা—‘আমরা সব সময় তোমার পাশে থাকব।’

শনিবার ছিল লিমায় বিটিএসের শেষ কনসার্ট। এদিন বিদায়ী বক্তব্যের সময় জিমিনের জন্য জন্মদিনের গান গেয়েছেন ভক্তরা। তাঁর নাম ধরেও স্লোগান দেন তাঁরা।

জিমিন বলেন, ‘তোমরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছ এবং যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছ, তাতে আমি গভীরভাবে আপ্লুত। পৃথিবীর অন্য প্রান্ত থেকে তোমরা যে এত ভালোবাসা পাঠিয়ে আসছ, তা আমি সব সময় মনে রাখব।’

লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে গাইছে বিটিএস

অর্থনীতি চাঙা হওয়ার আশা

বিটিএসের কনসার্ট ঘিরে লিমায় পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। কনসার্টের আগে পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল, অনুষ্ঠান উপলক্ষে ৫০ হাজারের বেশি দর্শনার্থী রাজধানীতে আসতে পারেন।

তাঁদের ঘিরে পর্যটন খাতে প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে।

লিমা চেম্বার অব কমার্সের হিসাব আরও বড়। তাদের ধারণা, হোটেল, খাবার, পরিবহন, পর্যটন ও স্মারক পণ্য বিক্রিসহ বিভিন্ন খাতে ব্যয়ের মাধ্যমে ১৫ কোটি থেকে ২০ কোটি পেরুভিয়ান সলের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে। ডলারে যার পরিমাণ আনুমানিক ৪ কোটি ৩৫ লাখ থেকে ৫ কোটি ৮০ লাখ।

হোটেলের সামনে ভিড় নিয়ে আরএমের বার্তা

লিমা সফরের আগে হোটেলের বাইরে ভিড় না করতে ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন বিটিএসের নেতা আরএম। বৃহস্পতিবার উইভার্সে দেওয়া ওই পোস্টে লাতিন আমেরিকার প্রসঙ্গ আসায় কিছু ভক্ত আপত্তি জানান। তাঁদের বক্তব্য, শিল্পীদের ব্যক্তিগত পরিসরে এমন হস্তক্ষেপ বিশ্বের অন্য অঞ্চলগুলোতেও ঘটে।

শুক্রবার ভক্তদের সঙ্গে কথা বলার সময় আরএম বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, তাঁর বক্তব্য শুধু পেরু বা লাতিন আমেরিকাকে নিয়ে ছিল না।

আরএম বলেন, ‘গতকাল আমি যে পোস্ট লিখেছি, সেটি শুধু লাতিন আমেরিকা বা পেরুকে নিয়ে ছিল না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও এমন ঘটনা ঘটেছে। আসলে দীর্ঘদিন ধরেই এমনটা হচ্ছে। এশিয়াতেও এমন ঘটনা ঘটতে পারে।’

অনেক ভক্ত যে সদস্যদের ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধাশীল, তা স্বীকার করেন আরএম। তবে কিছু আচরণ সীমা ছাড়িয়েছে বলেও জানান তিনি। উদাহরণ হিসেবে সদস্যদের হোটেলকক্ষের ওপর ড্রোন ওড়ানো এবং তাঁদের দিকে লেজার আলো তাক করার কথা বলেন।

ভক্তদের জাতীয়তা বা মহাদেশের ভিত্তিতে আলাদা করে দেখারও বিরোধিতা করেন তিনি। আরএম বলেন, ‘আমরা কখনো মানুষকে জাতীয়তা বা মহাদেশের ভিত্তিতে আলাদা করেছি? আর্মি (বিটিএসের ভক্তদের নাম) এবং বিটিএসের পরিচয়ে আমরা সবাই একই মানুষ।’

আরএম আরও বলেন, সম্মানজনক আচরণ করেন এমন ভক্তের সংখ্যাই অনধিকার চর্চা করা ভক্তদের চেয়ে বেশি বলে তিনি বিশ্বাস করেন। পেরুর ক্ষেত্রেও তাঁর এই বিশ্বাস প্রযোজ্য।

লিমা সফর শেষে বিটিএসের পরবর্তী গন্তব্য চিলির সান্তিয়াগো। ১৫ থেকে ১৭ অক্টোবর সেখানে কনসার্ট করবে দলটি। এরপর যাবে আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও ব্রাজিলের সাও পাওলোতে।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে