ক্যালাম টার্নার ও ডুয়া লিপা। ডুয়ার ইনস্টাগ্রাম থেকে
ক্যালাম টার্নার ও ডুয়া লিপা। ডুয়ার ইনস্টাগ্রাম থেকে

প্রেমের গুঞ্জন থেকে বাগ্‌দান, অবশেষে বিয়ে করলেন ডুয়া

বিয়ে করলেন এই সময়র জন্যতম জনপ্রিয় পপ তারকা ডুয়া লিপা। গতকাল রোববার লন্ডনে ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তিনি।। দীর্ঘদিনের প্রেম, বাগ্‌দান এবং নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলিবোন টাউন হলে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

ব্রিটিশ ও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে ছোট হলেও এই বিয়ে ছিল তারকাখচিত এবং আভিজাত্যে ভরপুর।

লন্ডনের ঐতিহাসিক ভবনে বিয়ে

লন্ডনের ওল্ড মেরিলিবোন টাউন হল বহু তারকার বিয়ের সাক্ষী। এবার সেই তালিকায় যোগ হলো ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের নাম।

বিয়ের দিন ডুয়া পরেছিলেন বিখ্যাত ফ্যাশন হাউস স্কিয়াপারেলির কাস্টম কৌচার স্যুট-ড্রেস। পোশাকটির নকশা করেছিলেন ডিজাইনার ড্যানিয়েল রোজবেরি। এর সঙ্গে ছিল মানানসই গ্লাভস, জুতা এবং ব্রিটিশ টুপি ডিজাইনার স্টিফেন জোন্সের তৈরি বড় সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার ছিলেন গাঢ় নীল রঙের স্যুট ও টাইয়ে।

বিয়ের অনুষ্ঠান শেষে দুজনকে হাত ধরাধরি করে বেরিয়ে আসতে দেখা যায়। সেই ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডুয়া লিপা

প্রেমের শুরুটা যেভাবে

ডুয়া ও ক্যালামের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ওঠে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই সময় লন্ডনে অনুষ্ঠিত মাস্টারর্স অব দ্য এয়ারের আফটার পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। এরপর ধীরে ধীরে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তবে প্রথম দিকে কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কের বিষয়টি কার্যত নিশ্চিত করেন তাঁরা।

এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে। লালগালিচা থেকে শুরু করে ব্যক্তিগত ভ্রমণ—সব জায়গাতেই তাঁদের উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।

বাগ্‌দানের খবর যেভাবে সামনে আসে

২০২৫ সালের মাঝামাঝি সময়ে ডুয়ার হাতে একটি হীরার আংটি দেখে বাগ্‌দানের গুঞ্জন শুরু হয়। অবশেষে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুয়া নিজেই বাগ্‌দানের খবর নিশ্চিত করেন। সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ব সফর শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করছেন। তখন তিনি বলেছিলেন, জীবনে প্রথমবারের মতো বিয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছেন।

‘আমি কখনো সেই ধরনের মানুষ ছিলাম না, যে ছোটবেলা থেকে নিজের বিয়ের স্বপ্ন দেখে বা কেমন কনে হবে, তা নিয়ে ভাবতে থাকে’, বলেছিলেন ডুয়া। তবে বাগ্‌দানের পর তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়।

‘একসঙ্গে থাকার সিদ্ধান্তটাই সবচেয়ে বিশেষ’

বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডুয়া বলেছিলেন, একজন মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত তাঁর কাছে গভীর আবেগের বিষয়। তাঁর ভাষায়, ‘একসঙ্গে বৃদ্ধ হওয়ার সিদ্ধান্ত, একটা জীবন ভাগ করে নেওয়া, চিরদিনের জন্য সেরা বন্ধু হয়ে থাকা—এটা সত্যিই খুব বিশেষ অনুভূতি।’

এই মন্তব্যের পর থেকেই ভক্তরা তাঁদের বিয়ের অপেক্ষায় ছিলেন।

কেন বিয়ে পিছিয়ে দিয়েছিলেন?

বাগ্‌দানের পরপরই অনেকে ধারণা করেছিলেন, খুব দ্রুতই বিয়ে করবেন তাঁরা। কিন্তু ডুয়া তখন ব্যস্ত ছিলেন তাঁর বিশ্বভ্রমণ কনসার্ট সফর নিয়ে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ডুয়া ও ক্যালাম তখনো বাগ্‌দানের আনন্দ উপভোগ করছিলেন এবং তাড়াহুড়ো করে বিয়ে করতে চাননি।

বিয়ের পর নতুন স্বপ্ন

ব্রিটিশ ভোগকে দেওয়া সেই সাক্ষাৎকারে ডুয়া পরিবার গঠনের ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘একদিন আমি অবশ্যই সন্তান চাই।’ তবে সন্তান নেওয়ার সময় নিয়ে তাঁর কিছু বাস্তব চিন্তাও রয়েছে।

‘সব সময়ই ভাবি, আমার কাজের সঙ্গে এটা কীভাবে মানিয়ে যাবে? যদি ট্যুরে যেতে হয়? কত দিন বিরতি নিতে হবে? কিন্তু মনে হয়, এগুলো এমন বিষয়, যা হওয়ার, সময় হলে নিজে থেকেই হবে’, বলেছিলেন তিনি।

সংগীত তারকা ও অভিনেতার সফল জুটি

বর্তমানে ৩০ বছর বয়সী ডুয়া লিপা বিশ্বের অন্যতম সফল পপ তারকা। ‘ফিউচার নস্টালজিয়া’, ‘ডোন্ট স্টার্ট নাউ’, ‘হুডিনি’ ইত্যাদি গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন।

অন্যদিকে ক্যালাম টার্নার পরিচিত মুখ ব্রিটিশ ও হলিউড অঙ্গনে। তিনি অভিনয় করেছেন ‘ফ্যান্টাস্টিক বিটস’ ফ্র্যাঞ্চাইজি, ‘মাস্টার্স অব দ্য এয়ার’সহ বেশ কয়েকটি আলোচিত প্রযোজনায়।

ভক্তদের উচ্ছ্বাস

বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, গত কয়েক বছরে বিনোদনজগতের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি ছিল ডুয়া ও ক্যালামের সম্পর্ক। সেই গল্প এবার নতুন অধ্যায়ে প্রবেশ করল।

পিপলডটকম অবলম্বনে