লিসা
লিসা

লিসার কি প্রেম ভাঙল

ফরাসি ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে ব্ল্যাকপিংকের লিসার বিচ্ছেদ হয়েছে—এমন গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারে প্রকাশিত প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।

গত মঙ্গলবার প্রকাশিত ভ্যানিটি ফেয়ারের কভার স্টোরিতে লিসার বৈশ্বিক সুপারস্টার হয়ে ওঠার গল্প, সংগীতের বাইরেও তাঁর ক্রমবর্ধমান প্রভাবের পাশাপাশি বিশ্বজোড়া খ্যাতির সঙ্গে আসা ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়।

প্রতিবেদনটিতে সংক্ষেপে লিসার সঙ্গে আর্নল্টের দীর্ঘদিনের গুঞ্জন থাকা সম্পর্কের কথাও উল্লেখ করা হয়। ফ্রেদেরিক আর্নল্ট বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টের ছেলে।

প্রতিবেদনে বলা হয়, ‘২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছিল। এখন মনে হচ্ছে, তারা সেই সম্পর্কের ইতি টেনেছেন।’

লিসা

এই মন্তব্য প্রকাশের পরই ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়। কারণ, লিসা বা আর্নল্ট—কেউই কখনো প্রকাশ্যে তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।

প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে লিসা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে রাজি হননি। ভ্যানিটি ফেয়ার জানিয়েছে, তাঁর জনসংযোগ কর্মকর্তা প্রতিবেদককে দুবার এ বিষয়ে প্রশ্ন না করতে সতর্ক করেছিলেন। শেষ পর্যন্ত লিসাও প্রেম বা সম্পর্ক নিয়ে কোনো আলোচনা এড়িয়ে যান।

লিসা ও আর্নল্টকে ঘিরে প্রেমের গুঞ্জন প্রথম ছড়ায় ২০২৩ সালের জুলাইয়ে। সে সময় প্যারিসের একটি রেস্তোরাঁয় তাঁদের একসঙ্গে দেখা গেছে বলে খবর প্রকাশিত হয়। পরে বিভিন্ন দেশে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা সেই জল্পনাকে আরও উসকে দেয়। এমনকি লিসা আর্নল্ট পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন—এমন খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

চলতি বছরের শুরুতে বালিতে লিসার জন্মদিনের অনুষ্ঠানে আর্নল্টকে দেখা না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদন সেই গুঞ্জনকে আবারও সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

এক্সপোর্টনিউজ অবলম্বনে