বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গতকাল সোমবার গ্রেপ্তার হয়েছিলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। আজ মঙ্গলবার আপোসের শর্তে তিনি জামিন পেয়েছেন। জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে গান গেয়ে শোনান তিনি। সঙ্গে জানান, মানুষ মাত্রই ভুল।
বারবার বিভিন্ন ঘটনা ও বিতর্কে গ্রেপ্তার হওয়ায় নোবলের অনুশোচনার বিষয়ে সংবাদমাধ্যম জানতে চাইলে নোবেল বলেন, ‘মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।’
দর্শকের উদ্দেশে নোবেল বলেন, ‘আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।’
এরপরই সংবাদমাধ্যমের অনুরোধে গান ধরেন নোবেল। সেখানে তিনি তাঁর ‘মেহেরবান’ গান গেয়ে শোনান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গতকাল দুপুরে মাইনুল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট এক নারী মাইনুল আহসানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন। মামলায় বিয়ের কথা বলে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন মাইনুল আহসানের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন ও তাঁর সহকারী মুনেম শাহ সৌমিক।