অ্যাকোস্টিক গিটার (বামে) ও ইলেকট্রিক গিটার (ডানে)
অ্যাকোস্টিক গিটার (বামে) ও ইলেকট্রিক গিটার (ডানে)

গিটার, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের দাম কমবে

গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি বাদ্যযন্ত্র এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরো প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি।

বাদ্যযন্ত্র আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের খবরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হামিন আহমেদ।

তিনি প্রথম আলোকে বলেন, এর আগে বাদ্যযন্ত্রের ওপর শুল্ক কমানো হয়নি। বিষয়টি নিয়ে সরকার ভেবেছে, এ জন্য ধন্যবাদ জানাই।

সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান প্রথম আলোকে বলেন, চলচ্চিত্রের জন্য এটি অনেক বড় সুখবর। ক্যামেরা কিনতে গেলে অনেক অর্থ খরচ হয়, সেখানে খরচ কমবে।

পাশাপাশি থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পৃষ্ঠপোষকতা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য আন্তর্জাতিক মানের স্টুডিও গড়ে তোলা হবে। এই খাতের উদ্যোক্তাদের জন্য পারফরম্যান্সভিত্তিক গ্র্যান্ট স্ক্রিম চালু করা হবে।