মঞ্চে গাইছেন তিন বিচারক শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে
মঞ্চে গাইছেন তিন বিচারক শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে

আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম

আজ শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র গ্র্যান্ড ফিনালে। লোকসংগীতের জনপ্রিয় রিয়েলিটি শোটির আজকের পর্বে শ্রেষ্ঠত্বের জন্য লড়বেন সেরা পাঁচ প্রতিযোগী। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা, প্রথম রানারআপ ৩ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ২ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।

চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনামুল হক, আঁখি আক্তার, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানের তিন বিচারক শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমিও গাইবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগানকে সামনে রেখে সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো চলছে এই রিয়েলিটি শো।

এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেন বাছাই ৪০ জন। পরে গ্রুমিং সেশনে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে গান, পরিবেশনা ও মঞ্চে উপস্থাপনার নানা দিক শেখেন প্রতিযোগীরা।

এরপর অনুষ্ঠিত মাস্টার সিলেকশন থেকে স্টুডিও রাউন্ডে সুযোগ পান ১৯ জন। পর্যায়ক্রমে নির্বাচন করা হয় সেরা ১০ এবং শেষ পর্যন্ত সেরা ৫।
ম্যাজিক বাউলিয়ানা প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।