৩০০ কোটি টাকা আয় করা ছবির প্রস্তাব ফিরিয়ে আফসোসে পুড়ছেন এই বাঙালি অভিনেতা

শাশ্বত চ্যাটার্জি। ফেসবুক থেকে
শাশ্বত চ্যাটার্জি। ফেসবুক থেকে

দীর্ঘদিন পর পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন করণ জোহর। তাঁর নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে সমালোচক। মুক্তির ১২ দিনে সারা বিশ্ব থেকে ২১২ কোটি রুপি (প্রায় ৩০০ কোটি টাকা) আয় করেছে ছবিটি। এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। প্রস্তাব ফিরিয়ে এখন আফসোসে পুড়ছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

হিন্দি সিনেমায় কয়েক বছর ধরে অনেক বাঙালি অভিনেতাকে দেখা গেছে। বেশির ভাগ সময় তাঁদের দেখা গেছে গুরুত্বহীন চরিত্রে।

কলকাতায় ‘রকি অউর রানী প্রেম কাহানি’ সিনেমার চার অভিনয়শিল্পী রণবীর সিং, টোটা রায়চৌধুরী, চূর্ণি গঙ্গোপাধ্যায় ও আলিয়া ভাট

তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে আলিয়া ভাটের বাবা চন্দন চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেছে চূর্ণী গাঙ্গুলিকে। ছবিটি মুক্তির পর দুজনেই ভাসছেন প্রশংসায়। কিন্তু জানেন কি টোটা অভিনীত চরিত্রটির জন্য শুরুতে প্রস্তাব পেয়েছিলেন শাশ্বত? ঠিকই শুনেছেন, কিন্তু করণ জোহরের ছবিতে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা বলেন, ‘অবশ্যই আফসোস হচ্ছে (প্রস্তাব ফিরিয়ে)। করণ জোহরকে না বলা আমার জন্য দুর্ভাগ্যের। এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে থাকবে।’

কিন্তু কেন ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা? ছবিতে তাঁর চরিত্রটি ছিল কত্থক নাচিয়ের।

‘আবার প্রলয়’–এ শাশ্বত

এ জন্য কত্থক নাচের প্রশিক্ষণ নেওয়া জরুরি ছিল। কত্থক নাচিয়ের চরিত্রে অভিনয় করতে শাশ্বত ঠিক রাজি ছিলেন না। তাই প্রস্তাব ফিরিয়ে দেন।
শাশ্বত বলেন, ‘এখন আসলে এসব নিয়ে ভেবে লাভ নেই। সামনের যেসব প্রজেক্ট করছি, সেগুলো নিয়ে ভাবতে হবে।’

আজ রাতে জিফাইভে মুক্তি পাচ্ছে শাশ্বত অভিনীত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সুজয় ঘোষের ‘কাহানি’ দিয়ে হিন্দি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পাওয়ার পর অভিনেতাকে অবশ্য নিয়মিত হিন্দি সিনেমায় দেখা যায়। সর্বশেষ চলতি বছরের ব্যাপক প্রশংসিত সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এ অভিনয় করেন তিনি।