‘বিগ বস বাংলা’ নিয়ে তুমুল বিতর্ক। কোলাজ
‘বিগ বস বাংলা’ নিয়ে তুমুল বিতর্ক। কোলাজ

ঘোড়া থেকে অভিনেত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, ‘বিগ বস বাংলা’ নিয়ে তুমুল বিতর্ক

‘বিগ বস বাংলা’র ঘরে চোট পাওয়ার পর থেকেই সৃজলা গুহকে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। দুর্ঘটনার পর অভিনেত্রীর শারীরিক অবস্থা কতটা গুরুতর, হাসপাতালে তাঁর চিকিৎসা কীভাবে চলছে—তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এবার সৃজলার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল তাঁর অফিশিয়াল টিম।
সোশ্যাল মিডিয়ায় সৃজলার টিমের পক্ষ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। চোটের কারণে তাঁর শরীরে এখনো যথেষ্ট যন্ত্রণা রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

কী হয়েছিল
‘বিগ বস বাংলা ৩’-এ ক্যাপ্টেন্সি টাস্কের শেষ ধাপে সৃজলা, মনামী ঘোষ, তনুশ্রী, জিতু কমল ও রাজবীরকে একটি কৃত্রিম ঘোড়ার ওপর বসে থাকতে হয়। নিয়ম ছিল, প্রতিপক্ষকে কৌশলে ঘোড়া থেকে নামাতে হবে, তবে শারীরিক আঘাত করা যাবে না।

নন্দিনী দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এই সময় নন্দিনী দত্ত সৃজলাকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন। প্রথমবার সৃজলা পড়ে যাচ্ছিলেন, তখন দুর্নিবার সাহা তাঁকে সামলে দেন। পরে নন্দিনী আবার ধাক্কা দিলে সৃজলা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান। তাঁর নাকসহ মুখ ও শরীরের কয়েক জায়গায় চোট লাগে। যন্ত্রণায় তাঁকে কাঁদতেও দেখা যায়। এরপর টাস্ক থামিয়ে তাঁকে চিকিৎসার জন্য মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়।

সৃজলা গুহ। অভিনেত্রীর ফেসবুক থেকে

নন্দিনীর আচরণ কি নিছক টাস্কের উত্তেজনায় ঘটে যাওয়া দুর্ঘটনা, নাকি তিনি নিয়মের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন? এ নিয়ে দর্শকের মধ্যে আলোচনা চলছে। নন্দিনীর সামাজিক যোগাযোগমাধ্যমের পক্ষ থেকে পরে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না এবং কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।

সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম
এ ঘটনায় ভক্তরা তো বটেই, শিল্পীরও সোচ্চার সামাজিক যোগাযোগমাধ্যমে। পশ্চিমবঙ্গের অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা ফেসবুক পোস্টে নন্দিনীর আচরণের সমালোচনা করেছেন। ঘটনার পর সৃজলার সাবেক সহশিল্পী শন বন্দ্যোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম স্টোরি নিয়েও আলোচনা শুরু হয়েছে। তিনি কারও নাম না নিয়ে লেখেন, ঘটনাটি তাঁর কাছে ‘বিরক্তিকর, অমানবিক এবং লজ্জাজনক’। যদিও শন সরাসরি বলেননি যে তাঁর পোস্টটি সৃজলার ঘটনাকে কেন্দ্র করেই, নেটিজেনদের একটি অংশ সেটিকে ওই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

এই সময় ও টিভি নাইন বাংলা অবলম্বনে