‘শিল্পচর্চার আসলে কোনো শেষ নেই’

২০১৩ সালের ১ মার্চ অরিন্দম শীলের `আবর্ত' দিয়ে ‘কলকাতা অধ্যায়’ শুরু করেছিলেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে তাঁর অভিনয় ক্যারিয়ারের এক দশক পূর্ণ হচ্ছে আজ।

‘আবর্ত’র তো ১০ বছর হয়ে গেল..., এই প্রতিবেদকের কথা শুনে খানিকটা চমকেই গেলেন জয়া আহসান, তারপর ‘ও তা–ই’ বলে হেসে ফেললেন। ১০ বছর আগের নস্টালজিয়ায়ও ডুবে গেলেন কি! সেদিন ছিলেন আউটডোর শুটিংয়ে। অরিন্দম শীলের ফোন। অরিন্দম যে ভালো অভিনেতা (‘আবর্ত’ অরিন্দম শীলের প্রথম সিনেমা। তখন তিনি অভিনেতা হিসেবই পরিচিত ছিলেন), তা জানতেন না জয়া। পরিচালক জানান, সত্যজিৎ রায়ের ছয়টি চরিত্রকে এই সময়ের প্রেক্ষাপটে ফেলে একটা ছবি করতে চান, পুরো ভারতবর্ষে খুঁজেও ‘চারু’ চরিত্রে জয়া ছাড়া কারও কথা ভাবতে পারছেন না। ইউটিউবে বাংলাদেশি অভিনেত্রীর কোনো কাজ দেখে থাকবেন তিনি। শুরু হলো আবর্ত, অভিনেত্রীর নতুন এক ইনিংস।

‘অরিন্দমদার কাছে আমি কৃতজ্ঞ উনি দরজাটা খুলে দিয়েছেন। একজন শিল্পীর দিগন্তটা অনেক বড় হওয়ার দরকার,’ বলেন জয়া।

২০১৩ সালের ১ মার্চ অরিন্দম শীলের `আবর্ত' দিয়ে ‘কলকাতা অধ্যায়’ শুরু করেছিলেন জয়া আহসান

১০ বছরে পশ্চিমবঙ্গের ১৫টির বেশি সিনেমায় অভিনয়ে করেছেন জয়া আহসান। এর মধ্যে কোন কোন চরিত্র তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছিল? প্রিয় নাকি চ্যালেঞ্জিং, জানতে চাইলেন অভিনেত্রী। চ্যালেঞ্জিং বলায় ভাবতে শুরু করলেন। এরপর বলে গেলেন ‘সায়নী’ (রবিবার), ‘শ্রাবণী বড়ুয়া’ (বিনিসুতোয়), ‘অন্নপূর্ণা দাস’–এর (ভালোবাসার শহর) কথা।

বললেন, `কণ্ঠ' সিনেমার ‘রোমিলা’ এবং সৌকর্য ঘোষালের মুক্তির অপেক্ষায় থাকা দুই সিনেমা ওসিডি ও কালান্তর-এর চরিত্রও তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কেন চ্যালেঞ্জিং ছিল, সেটা ব্যাখ্যা করলেন রবিবার-এর ‘সায়নী’ চরিত্রের উদাহরণ দিয়ে। জয়া বলেন, ‘চরিত্রটি একজন অনুসন্ধানী আইনজীবীর। সায়নী তার পুরোনো প্রেমিক অসীমাভকে ফাঁদে ফেলে। চরিত্রটি খুবই কৌশলী, কতটা স্মার্ট হলে বুম্বাদার চরিত্রটিকে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত অসীমাভ) ফাঁদে ফেলতে পারে! আমি বাস্তব জীবনেও এই মেয়ের মতো স্মার্ট হতে চাই।’

‘ভালোবাসার শহর’ ছবিতে জয়া

প্রসঙ্গ বাংলাদেশ
গত এক দশকে বাংলাদেশি অভিনেত্রী যখন কলকাতার সিনেমায় ব্যস্ত, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকবারই প্রসঙ্গটি এসেছে—জয়া আহসানকে কি দেশের পরিচালকেরা ঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন? এ বিষয়ে জয়ার নিজের কী মত? প্রশ্নটি করতেই তিনি বলেন, ‘এটা আমাকে জিজ্ঞেস না করে পরিচালকদের জিজ্ঞেস করুন, “জয়া আহসান তো টেলিভিশনে আপনাদের সঙ্গে কাজ করে অনেকবারই নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু এখন কেন তাঁকে নিয়ে ভাবেন না?” এ বিষয়ে আমি কিছু বলব না।’

এ প্রসঙ্গে ২০২১ সালে মুক্তি পাওয়া `অলাতচক্র'র উদাহরণ দিয়ে জয়ার কাছে জানতে চাওয়া হয়, ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে, কিন্তু আহমদ ছফার উপন্যাস থেকে নির্মিত সিনেমাটি কি আদৌ ভালো চলচ্চিত্র হয়ে উঠতে পেরেছে? ‘অনেক সমস্যা ছিল। এটা অদ্ভুত একটা গল্প, সেই লোভে পড়ে আমিও অনেক সময় আটকে যাই (হাসি)। আমরা পরিচালকদের ফাঁদে অনেক সময় পা দিয়ে দিই; এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রথমে বলেন, পরে পুরো প্যাকেজটায় আর সেটা দেখতে পাই না। তারপরও দেশের কাজ করতে চাই,’ বললেন তিনি।

‘বিনিসুতোয়’ ছবির একটি দৃশ্যে জয়া ও ঋত্বিক

তাঁর পথ ধরে
অভিনেত্রী হিসেবে পশ্চিমবঙ্গে জয়া আহসান এখন সমীহজাগানিয়া নাম। তাঁর পর এখন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি, জিয়াউর রোশান, তাসনিয়া ফারিণসহ অনেকেই কলকাতায় কাজ করছেন।

তাঁর সাফল্যই কি অন্যদের জন্য পথটা সহজ করে দিয়েছে? জয়া বলেন, ‘এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটির কারণে সবাইকে দেখতে পাচ্ছে; সে কারণেই সুযোগটা হচ্ছে। নানা আমলাতান্ত্রিক কারণে আমাদের দেশের সাহিত্য, চিত্রকর্ম আগে কলকাতার মানুষেরা সেভাবে দেখতে পারতেন না, এখন যেটা হচ্ছে। এসব আদান–প্রদান আরও হওয়া উচিত, বেশি বেশি উৎসব হওয়া উচিত; এসব উৎসবে আমাদের দেশের ভালো ছবিগুলোই যাওয়া উচিত, এলেবেলে ছবিগুলো নয়।’

‘রবিবার’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

আর কী আছে বাকি
এক দশকের ক্যারিয়ারে পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সব বড় পরিচালকের সঙ্গেই কাজ করেছেন জয়া আহসান, পেয়েছেন অনেক স্বীকৃতি, পুরস্কার। সামনে তাহলে চাওয়ার আর কী বাকি আছে? ‘শিল্পচর্চার আসলে কোনো শেষ নেই, আমি শুধু কাজই করে যেতে চাই। যেসব কাজ আমাকে নতুনভাবে চেনাবে, নতুন অভিজ্ঞতা দেবে, সেসব কাজ করে যেতে চাই। এটা একটা সফর। “এরপর কী”—এটা যদি কোনো শিল্পী ভাবেন, তাহলে তাঁর শিল্পীসত্তা নষ্ট হয়ে যায়।’