শক্তি চট্টোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য। কোলাজ
শক্তি চট্টোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য। কোলাজ

শক্তি চট্টোপাধ্যায়ের ‘অবনী বাড়ি আছো’র অবনী এই অভিনেতার বাবা

“অবনী বাড়ি আছো
অবনী বাড়ি আছো
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’”

শক্তি চট্টোপাধ্যায়ের বহুল পঠিত কবিতাটি অনেকেরই জানা। কিন্তু জানতেন কি, কবিতার এই অবনী বাস্তবের একজন। কবিতার এই অবনী ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের বাবা। অভিনেতা জানান, ‘অবনী বাড়ি আছো’র অবনী যে তাঁর বাবা, এটা তিনি ছোটবেলা থেকে জেনেই বড় হয়েছেন। তিনি বলেন, ‘ছোট থেকেই দেখতাম, একটা আধপাগল লোক আমাদের বাড়ি আসতেন। এসে একটা ঘরে লিখতেন, কেউ তাঁকে বিরক্তও করত না। তবে তিনি যে এত বড় কবি, সেটা তখনো বুঝিনি। একবার সকালবেলা আমাদের বাড়ি এলেন। এসেই বাবার কথা জিজ্ঞেস করলেন। মা জানালেন, বাবা ট্যুরে গেছেন। শুনে তিনি মাকে দুবার প্রণাম করে চলে গেলেন। আমি তো অবাক। মায়ের কাছে জানতে চাইলাম, উনি তোমাকে প্রণাম করলেন কেন? মা বললেন, “ও শক্তি, ও সব পারে।”’

‘শক্তিময়’ ছেলেবেলা
অম্বরীশ জানান, তাঁর বাবা অবনী ভট্টাচার্য ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক। প্রায় সব বড় পত্রপত্রিকায় সাংবাদিকতা করেছেন। পরবর্তীকালে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর প্রেসিডেন্ট হন। এসব কাজের সূত্রে বহু বিখ্যাত মানুষ বাড়ি আসতেন। তাঁর বাবা আর শক্তি চট্টোপাধ্যায় খুব ভালো বন্ধু ছিলেন। দুজনে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন। আড্ডা দিতেন। কবি শক্তি চট্টোপাধ্যায় তো একটা কবিতার মধ্যে দিয়ে তাঁর বন্ধুকে অমর করে গেলেন।

অম্বরীশ ভট্টাচার্য। ইনস্টাগ্রাম থেকে

শক্তি যে কত বড় কবি, সেটা অম্বরীশ বুঝেছিলেন একটা ঘটনায়। সেই ঘটনার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘একবার আমরা সরস্বতী পূজার দিন পার্কস্ট্রিটে ঠাকুর দেখতে, নাকি খেতে গিয়েছিলাম। খাওয়াদাওয়া শেষে বাবা বললেন, “পাশেই পার্ক সার্কাসে শক্তির বাড়ি, চল যাই।” ওনার বাড়ি যাওয়ার পর কিছুক্ষণ আড্ডার পর তিনি বললেন, “চল, পুলুর বাড়ি যাই।” এই পুলু যে সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটা তত দিনে জেনে গেছি, তিনি তখন আমার কাছে বড় তারকা; ফেলুদা। তো সৌমিত্রর বাড়িতে যাওয়ার পর দেখলাম, তিনি শক্তি চট্টোপাধ্যায়কে দেখে কী করবেন, বুঝতে পারছেন না। বলছেন, “শক্তি, তুই এসেছিস।” আমার মনে হলো, আরে ফেলুদা তাঁকে দেখে এমন করছেন কেন? তিনি তো রোজই আমাদের বাড়ি এসে বসে থাকেন, রাস্তায় কেউ চিনতেও পারে না। তখন বুঝলাম, তিনি কত বড় কবি, শক্তির শক্তি আসলে কোথায়।’

অম্বরীশ যখন দশম শ্রেণির ছাত্র, তখন কথায় কথায় শক্তি চট্টোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন, ‘অবনী বাড়ি আছো’র অবনী সত্যিই তাঁর বাবা কি না। উত্তরে শক্তি কী বলেছিলেন, সেটা শোনা যায় অভিনেতার মুখেই, ‘একদিন জিজ্ঞাসা করেছিলাম তাঁকে, আচ্ছা, অবনীটা কে? আমার বাবা? আমার বন্ধুরা বলে, আমি নাকি বানিয়ে বলি। তিনি বললেন, “তোর কী মনে হয়?” বললাম, অবনী তো আমার কাছে নানাভাবে এসেছে। কখনো মনে হয়েছে অবনী এক শুভবুদ্ধি, কখনো প্রেম, কখনোবা অবনী একটা বিপ্লব। কড়া নেড়ে যাকে বারবার ডাকা হচ্ছে। আমার কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, “বাহ্‌, ভালো ভেবেছিস তো। তোর যেমন মনে হবে, সেটাই অবনী। তোর বাবাকে নিয়ে লেখা কি না, এভাবে তো বলা যায় না। তবে কবিতাটি যখন লিখি, তখন তোদের বাড়ি দিয়ে তোর বাবাকে যে ডাকতাম, সেটাই মাথায় ছিল।” এরপর তিনি বলেন, “তোর আমার কবিতা ভালো লাগে?” আমি বলেছিলাম, না, তোমার থেকে আমার সুনীলের কবিতা বেশি ভালো লাগে। তোমার কবিতা আমি বুঝতে পারি না। তখন তিনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা শিশুর মতো বলেছিলেন, “বড় হ। তখন দেখবি আমিই বেশি ভালো।” সত্যিই তা–ই। এখন মনে হয়, তাঁর মতো পদ্য খুব কম মানুষই লিখেছেন।’

কে এই অম্বরীশ
মঞ্চে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন অম্বরীশ। সিনেমা বা টিভিতে কাজ করবেন—এমন স্বপ্ন ছিল না। ঘটনাচক্রে সুযোগ পান টিভি সিরিয়াল ‘রাজা  গজা’য়, এখানে গজা চরিত্রে অভিনয় করেন তিনি। ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর তাঁকে পেছন ফিরে দেখতে হয়নি। এরপর গত এক যুগের টিভিতে প্রচুর কাজ করেছেন। জনপ্রিয় অনেক কমেডি চরিত্রে দেখা গেছে তাঁকে।

‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমায় অম্বরীশ ও দেব। ইনস্টাগ্রাম থেকে

করেছেন ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘জিও পাগলা’, ‘সব ভুতুড়ে’, ‘ককপিট’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ইত্যাদি সিনেমা। তবে চলতি বছর বড় পর্দায় নতুন করে পাওয়া গেছে এই অভিনেতাকে। কৌশিক গাঙ্গুলীর হিট সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয়ে করে প্রশংসিত হয়েছেন। দেবের প্রযোজনায় বিরসা দাশগুপ্তের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমায় অজিত চরিত্রে অভিনয় করে বাহবা পেয়েছেন। আসছে পূজায় তাঁকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ’ সিনেমায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, ইউটিউব চ্যানেল সন্দেশডটটিভিতে দেওয়া সাক্ষাৎকার।