অসম প্রেম নিয়ে 'বয়ঃসন্ধি'!

বয়ঃসন্ধি নাটকের একটি দৃশ্যে মাশরুর রশীদ ও নিপুণ
বয়ঃসন্ধি নাটকের একটি দৃশ্যে মাশরুর রশীদ ও নিপুণ

বয়ঃসন্ধি নাটকের নামটিই বলে দিচ্ছে, এতে রয়েছে কিশোর প্রেমের ইঙ্গিত। ১৪ বছর বয়সী মাশরুর রশীদ যখন এই নাটকের মূল একটি চরিত্রে অভিনয় করছে, তখন নাটকের গল্পটি যে তাকে ঘিরেই আবর্তিত হবে, সে বিষয়ে আর সংশয় থাকে না। এই নাটকে মাশরুরের নায়িকা চিত্রনায়িকা নিপুণ। বয়ঃসন্ধির সময়টায় একজন কিশোরকে যে আত্মদ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হয়, তা-ই ফুটে উঠবে নাটকে।
নাটকটি পরিচালনা করছেন ইমরান ইমন। এর রচয়িতাও তিনি। গল্পের কিছু অংশ ফাঁস করে দিয়ে পরিচালক বলেন, ‘নাটকে নিপুণের চরিত্রের নাম লাবণী। তার স্বামী অসুস্থ। লাবণী নাড়ু বানিয়ে বিক্রি করে। কাজে সহযোগিতার জন্য সন্ধি নামে এক কিশোরকে সঙ্গে নেয় সে। লাবণীর সঙ্গে কাজ করতে করতে একসময় সন্ধি অনুভব করে সে লাবণীকে ভালোবাসে। এই অনুভূতির কথা প্রকাশ করলে লাবণী চড় মারে সন্ধিকে। বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া সন্ধি মানসিকভাবে আরও বিক্ষিপ্ত ও বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর গল্প ভিন্ন দিকে গড়াতে থাকে।’
বয়ঃসন্ধি তৈরি করা হচ্ছে অনলাইন চ্যানেল থার্ডবেলের জন্য। এটি ঈদের দিন থেকে অনলাইন চ্যানেলটিতে দেখা যাবে। গতকাল শুক্রবার এই নাটকের শুটিং শুরু হয়েছে।