
ঈদের আগের দিনও পুরান ঢাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ঈদের একটি নাটকের শেষ মুহূর্তের কাজের ফাঁকে জানালেন ঈদের পরের পরিকল্পনার কথা। ঈদুল আজহার আগে ভীষণ ধকল গেছে এই অভিনেত্রীর। তাই ঈদের পর কিছুদিন বিশ্রাম নেবেন।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘আয়েশা’ টেলিছবিটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে। কথাসাহিত্যিক আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ উপন্যাস অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছাড়া এই ঈদে বিভিন্ন চ্যানেলে থাকবে তিশা অভিনীত অনেকগুলো নাটক ও টেলিছবি। ঈদের কাজ নিয়ে তিশা প্রথম আলোকে বলেন, ‘খুব বেশি নাটকে এবার আমাকে দেখা যাবে না। ঈদের মতো একটি উৎসবে একজন শিল্পীর আসলে যতটা কাজ করা দরকার, ততটাই করেছি।’
ঈদের দিনের পরিকল্পনা কী? তিশা বলেন, ‘ঈদের দিন বাসায় থাকব, মাংস কাটাকাটি হবে। রাতে শ্বশুরবাড়ি যাব। এমনিতে বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। ঈদের পরদিন বাসায় ঘুমাব। কাজের জন্য যে ধকল গেছে, ঘুম হয়নি।’
ঈদের পর কী করবেন? তিশা জানান, ঈদের পর বিশ্রাম করবেন তিনি। কিছু কাজ নিয়ে আলোচনা চলছে, তবে নিশ্চিত কোনো খবর জানাতে পারেননি। বললেন, ‘সামনে অনেক উৎসব। সে জন্য কিছু কাজ করতেই হবে। সেসব নিয়ে ব্যস্ততা শুরু হওয়ার আগে একটু বিশ্রাম নেওয়া দরকার।’
‘আয়েশা’ টেলিছবিতে আয়েশা চরিত্রে দেখা যাবে তিশাকে। স্বামীর মৃত্যুর খবর জানার পর সন্তানকে নিয়ে শুরু হয় আয়েশার জীবনসংগ্রাম। এতে তিশার সঙ্গে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।