
অনেকের মতো তাঁর কাছেও ছোটবেলার ঈদ মানে ঈদের রাতে ‘আনন্দমেলা’। বড় হয়ে স্কুল পেরিয়ে কলেজে পড়াকালীনও বাংলাদেশ টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায় ‘আনন্দমেলা’ বড় আকর্ষণ ছিল তাঁর কাছে। নিশো বলেন, ‘সে সময় আফজাল হোসেনের উপস্থাপনা খুব ভালো লাগত আমার।’
সেই নিশো এখন নিজেই ঈদুল আজহার ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের মঞ্চের কান্ডারি হলেন। অভিনেতা হওয়ার পর বেশ কয়েকবার এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল তাঁর। তবে উপস্থাপনার কাজ এবারই প্রথম।
দারুণ খুশি এই অভিনেতা। বলেন, ‘আগে তো পর্দার সামনে বসে আফজাল ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, পূর্ণিমা আপুদের উপস্থাপনা দেখেছি। সেই মঞ্চে নিজেকে দেখব, এটি আমার জন্য আনন্দের। তা ছাড়া বাংলাদেশ টেলিভিশনে “আনন্দমেলা” অনুষ্ঠান দেখে না, এমন কম মানুষই আছে।’
নিশো জানান, এই অনুষ্ঠানে একটু অন্যভাবে উপস্থাপনার গল্প সাজানো হয়েছে। ব্যক্তি নিশোর উপস্থাপনার পাশাপাশি তাঁর অভিনীত চার-পাঁচটি নাটকের চরিত্রের নিশোকেও মঞ্চে দেখা যাবে। তিনি বলেন, ‘ব্যক্তি নিশো উপস্থাপনার পাশাপাশি আমার বেশ কয়েকটি নাটকের চরিত্রের নিশো মঞ্চে উঠবে। দেখা যায়, বাস্তবের নিশোর সঙ্গে চরিত্রের নিশোরা মঞ্চ জমিয়ে তোলে। অনেক মজা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উপস্থাপনার গতানুগতিক ধারা থেকে এখানে বেশ ভিন্নতা আনা হয়েছে। আমার বিশ্বাস দর্শকের কাছে এটি উপভোগ্য হবে।’
অনুষ্ঠানটির অন্যতম প্রযোজক আফরোজা সুলতানা বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই বিটিভির অনুষ্ঠানগুলোর মানের দিকে জোর দেওয়া হয়েছে। আর ঈদের “আনন্দমেলা” তো বিশেষ কিছু। তাই এই অনুষ্ঠান নিয়ে আলাদা ভাবনা থাকে। এ জন্য উপস্থাপক এবং অনুষ্ঠানের বিভিন্ন অংশেও নতুনত্ব আনার চেষ্টা থাকে আমাদের, যেটি এবার করার চেষ্টা করেছি আমরা।’
আরেক প্রযোজক হাসান রিয়াদ জানান, এবারের অনুষ্ঠানে পুরোনো দিনের সিনেমার গানের সঙ্গে নাচবেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জনা। অপু বিশ্বাস ও সাইমন নৃত্য করবেন এ সময়ের সিনেমার গানের সঙ্গে। নুসরাত ফারিয়া তাঁর নিজের গাওয়া গানের কোলাজের সঙ্গে নাচবেন। সাব্বির, লিজা, নিশিতা ও রাজিবের কণ্ঠে থাকবে মৌলিক দ্বৈত গান। অনুষ্ঠানে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের একটি গান থাকছে। ‘আনন্দমেলা’র থিম সং গেয়েছেন বেলাল খান ও লিজা। অনুষ্ঠানে কৌতুক পর্বও আছে। ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি ঈদুল আজহার দিন রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।