জন্মদিনে বাবাকে চমক দিতে হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখালেন অভিনেতা ছেলে

জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা বাবা ফারুকুল ইসলামকে চমক দিতে হেলিকপ্টারে পদ্মা সেতু ঘুরিয়ে দেখালেন অভিনেতা ছেলে সাব্বির আহমেদ। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার পর ঢাকার হজরত শাহজালাল অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে উড়াল দেন ছেলে। ছেলের কাছ থেকে জন্মদিনে এমন সারপ্রাইজ পেয়ে খুশি মুক্তিযোদ্ধা বাবা।

সাব্বির জানালেন, জন্মদিনের এই আয়োজনে বাবার সঙ্গে আরও ছিলেন তাঁর মা, স্ত্রী ও সন্তান। অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে সাব্বিরদের বহণকারী হেলিকপ্টার আহসান মঞ্জিলসহ ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে মাওয়া হয়ে পদ্মা সেতুতে যায়। ৫০ মিনিটের এই হেলিকপ্টার ভ্রমণে বাবার খুশিটাই তাঁর কাছে ছিল সবচেয়ে বেশি আনন্দের। কারণ, বাবার কাছে এই ভ্রমণই ছিল অপ্রত্যাশিত।

গতকাল ছিল অভিনেতা সাব্বির আহমেদের বাবা ফারুকুল ইসলামের ৭০তম জন্মদিন। আগে থেকে তাই পরিকল্পনা ছিল বাবাকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়। পরিবারের সবার সঙ্গে কথা বলে তাই বাবাকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানালেন সাব্বির। আজ সোমবার সাব্বির প্রথম আলোকে বললেন, ‘বাবা আমাকে বলেছিলেন, আমার বিয়ের সময় হেলিকপ্টারে করে যেন বউ নিয়ে ঘরে আসি। কিন্তু করোনার সময় বিয়ের অনুষ্ঠান হওয়াতে এই আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু বাবার ওই শখটা থেকে যায়। তাই আমিও সুযোগ খুঁজছিলাম। মনে মনে ঠিক করে রেখেছিলাম, বাবার ৭০তম জন্মদিন হেলিকপ্টারে করেই উদ্‌যাপন করব। বাবাকে কোনো কিছু না বলেই এয়ারপোর্টে নিয়ে যাই। এরপর আমরা সবাই মিলে পদ্মা সেতু দেখতে যাই। হেলিকপ্টারে কেক কেটেছি। জীবনের অসাধারণ ৫০ মিনিট পার করেছি।’

অভিনয়শিল্পী মীর সাব্বিরের নামের সঙ্গে মিল থাকার কারণে বিনোদন অঙ্গনে সাব্বির আহমেদকে সবাই ছোট সাব্বির নামে ডাকে। বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পাওয়া সাব্বির আহমেদ এখন নাটক–চলচ্চিত্রই বেশি করেন। শ্যাম বেনেগালের ‘মুজিব’ চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এই চলচ্চিত্রে তিনি তোফায়েল আহমেদ চরিত্রটি করেছেন। এই রাজনীতিবিদের ২৬ থেকে ৩৩ বছর বয়সী চরিত্রে তাঁকে দেখা যাবে, যখন তিনি ছিলেন ছাত্রনেতা।

চলচ্চিত্রে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের চরিত্র রূপদান করতে পারাটাকে জীবনের অনেক বড় অর্জন মনে করছেন সাব্বির। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, বঙ্গবন্ধুও তাঁকে খুব স্নেহ করতেন। তাঁর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। এমন একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। চরিত্রটি পর্দায় ঠিকভাবে ফুটিয়ে তুলতে আমি তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেছি। তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে পড়াশোনা করেছি। নানাভাবে তাঁকে জানার চেষ্টা করেছি। বই পড়ে, ইউটিউব দেখে, কথা বলে তাঁকে জানার এবং বোঝার চেষ্টা করেছি।’

ছোটবেলা থেকেই অভিনয় করেন সাব্বির। ১৯৯৭ সালে মাগুরার লায়ন কিং ক্লাব নামের একটি দলের হয়ে শিশু অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু। ২০০৫ সালে অভিনয়ের তাড়নায় ঢাকায় এসে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলে যোগ দেন সাব্বির। ‘লোকনায়ক’, ‘শ্যামা প্রেম’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রেও কাজ শুরু করেন। ২০০৮ সালে ঈদের আগে সাব্বিরের প্রথম বিজ্ঞাপনচিত্র ‘বাংলালিংক: ঈদে বাড়ি যাই’ প্রচারিত হয়। এটি তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন সাব্বির।