
উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে একজন। পরনে সাদা-কালো চেক শার্ট, ব্যাগি প্যান্ট, পায়ে লালরঙা কনভার্স, হাতে কালো ব্রেসলেট, মাথায় টুপি। পাশ দিয়ে যাওয়ার সময় কেউ কেউ দ্বিধাগ্রস্ত হচ্ছেন। আড়চোখে বার কতক দেখে বলছেন, ‘এটা কী ছেলে না মেয়ে?’
এ রকম বিচিত্র পোশাক পরেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। অভিনয় করছেন নাইন অ্যান্ড আ হাফ ধারাবাহিক নাটকে।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া নয় বন্ধুর গল্প নিয়ে নাটক নাইন অ্যান্ড আ হাফ। এই বন্ধুদেরই একজন টয়া। যে সব সময়ই ছেলেদের পোশাক পরতে ভালোবাসে।
৫ মার্চ থেকে শুরু হয়েছে নাটকটির শুটিং। এমন বেশে অভিনয় করার পূর্বপ্রস্তুতি প্রসঙ্গে টয়া বলেন, ‘শুটিংয়ের কয়েক দিন আগে নিউমার্কেট থেকে এসব কেনাকাটা করেছি। আমার সঙ্গে এক ছেলে বন্ধু ছিল। দোকানিরা ভাবত আমি তার জন্য কেনাকাটা করতে এসেছি। যখন জেনেছে আমার জন্য কিনছি, তখন ওরা খুব মজা পেয়েছে।’
নাইন অ্যান্ড আ হাফ পরিচালনা করছে আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানের পরিচালনা দল।
এই পরিচালকদের একজন মাবরুর রশীদ বান্নাহ্ জানান, এ মাসের শেষ দিকে ধারাবাহিকটি প্রচারিত হবে দেশ টিভিতে।