
সংযোগ তৈরির জন্য এখন পৃথিবীর আছে ফোরজি নেটওয়ার্ক। অথচ ব্যক্তিমানুষের তিনটি প্রজন্মের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি। সন্তান, পিতা ও পিতামহের প্রজন্মগত দূরত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘থার্ড জেনারেশন’। নতুন এ ধারাবাহিক নাটক শিগগির শুরু হচ্ছে টেলিভিশনে।
নাটকটিতে দেখা যাবে তিন প্রজন্মের চরিত্রগুলোর নানা কাণ্ডকারখানা। প্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব, চিন্তাচেতনা ও রুচির ভিন্নতা। কেউ পছন্দ করে ভিন্ন ধরনের গান, পেশা হিসেবে নিতে চায় পূর্ববর্তী প্রজন্মের থেকে ব্যতিক্রম কোনো কাজকে। এসব মিলেমিশে ঘটতে থাকবে মজার সব ঘটনা। নাটকটি নিয়ে পরিচালক জয়ন্ত রোজারিও বলেন, ‘প্রত্যেক প্রজন্মের সমস্যাগুলো বিচিত্র ও ব্যতিক্রম। আমরা দেখাতে চেষ্টা করেছি প্রজন্মগত সেই বিচ্ছিন্নতাগুলো। পাশাপাশি সমাধান খোঁজারও চেষ্টা করা হয়েছে। আশা করি, সেগুলো আমাদের নতুন করে ভাবাবে। হাস্যরসাত্মক উপস্থাপনা হওয়ায় দর্শকদের বিরক্ত লাগবে না।’
গল্পের তিন প্রজন্ম গিয়াস, গনি ও গৌছ তিন প্রজন্মের তিন প্রতিনিধি। প্রৌঢ় গিয়াস পছন্দ করেন রবীন্দ্রসংগীত, ছেলে গনি ব্যবসা নিয়ে ব্যস্ত আর আর নাতি গৌছ বিটলসদের আদর্শে প্রভাবিত হয়ে গড়তে চায় ব্যান্ড। তার সহযাত্রী সালমান, লিন্ডা, স্মাইলি, জারা ও বাচ্চু। তিন প্রজন্মের এই চরিত্রগুলির ভেতরেই ঘটতে দেখা যাবে আদর্শগত সংঘর্ষ। তৈরি হবে অভিমান, হতাশা ও ক্ষোভ।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও জয়ন্ত রোজারিওর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন হাসান ইমাম, মনিরা মিঠু, মাহামুদুল ইসলাম, কাজী উজ্জ্বল, এলেন শুভ্র, সালমান মুক্তাদির, টয়া, মুসাফির বাচ্চু, তৌসিফ, সাফা কবির, মুনিরা ইসলাম প্রমুখ। আসছে ৭ অক্টোবর থেকে শুরু হয়ে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে এশিয়ান টেলিভিশনে দেখানো হবে নাটকটি।