বাংলা টিভিতে শুরু হচ্ছে দুটি দীর্ঘ ধারাবাহিক

‘বৌ-বিবি-বেগম’ নাটকের দৃশ্যে ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর
‘বৌ-বিবি-বেগম’ নাটকের দৃশ্যে ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর

নতুন টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে শুরু হচ্ছে দুটি দীর্ঘ ধারাবাহিক। একটির নাম ‘বৌ-বিবি-বেগম’ ও আরেকটি ‘টক্কর’। শনিবার মোবাইলে প্রথম আলোকে এমনটাই জানালেন চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক দীপঙ্কর দীপন।

‘বৌ-বিবি-বেগম’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। শহুরে পারিবারিক জীবনের হাস্যরসাত্মক দিক নিয়ে এ নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটকটি নিয়ে মুন্না বলেন, নারীকে আমরা একেক দশকে একেক রকমভাবে দেখতে পাই। কিন্তু সর্বজনীনরূপ একটাই। আমাদের নাটকে তেমনি তিনটি জেনারেশনকে দেখানো হয়েছে। যাদের চিন্তাভাবনা, প্রকাশ সবকিছুই একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে ঘুরপাক খায়। তাদের চাওয়া-পাওয়ার সীমাবদ্ধতা এই নাটকের মূল বিষয়। হাস্যরসাত্মক ঢঙে প্রতিটি চরিত্র স্বকীয়তা নিয়ে হাজির হয়েছে।

সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত আটটায় দেখা যাবে এই নাটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল কাদের, আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, শামীমা নাজনীন, কুসুম শিকদার, সাবিলা নূর, উর্মিলা শ্রাবন্তী কর, মীর সাব্বির, সাজু খাদেম, শান্তা জাহান, আলভী, তাসনুভা তিশা, আইরিন তানি, ফারজানা শশী, আ খ, মহাসান, ইরফান সাজ্জাদ প্রমুখ।

অন্যদিকে ‘টক্কর’ নাটকের গল্প আবর্তিত হয়েছে এক মিডিয়া মোগলের পারিবারিক জীবনের গল্প নিয়ে। রচনা করেছেন শাহজাহান সৌরভ আর সিরিজ পরিচালনায় আছে দীপংকর দীপন। এটি চ্যানেলটির নিজস্ব প্রযোজনা।

দীপংকর দীপন নাটকটি সম্পর্কে বলেন, ‘নাটকটিতে টেলিভিশন ও সংবাদপত্রের ভেতরের একটা চিত্র পাওয়া যাবে। একই সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের ব্যাপারটাও তুলে ধরা হবে তবে, তা দেশি আবহে। যাঁরা ভারতীয় হাইভোল্টেজ ড্রামা পছন্দ করেন, তাঁদের জন্য ‘টক্কর’ হবে পছন্দের। আমরা এই নাটকে গতি, সাসপেন্স ও নাটকীয় ঘটনা প্রবাহের ওপর জোর দিয়েছি।’

‘টক্কর’ ধারাবাহিক নাটকে ইন্তেখাব দিনার, তারিক আনাম খান ও জেনী

‘টক্কর’ এ অভিনয় করেছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, জেনী, ফারজানা চুমকি, নওশাবা, ফারজানা ছবি, তানিয়া হোসেন, শেলী আহসান, শাহেদ আলী, অশোক ব্যাপারী প্রমুখ। এটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে।

এ ছাড়া বাংলা টিভিতে এ সপ্তাহ থেকে শুরু হচ্ছে অনেকগুলো নিজস্ব প্রযোজনার ননফিকশন ও সংবাদভিত্তিক অনুষ্ঠান। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের খবরাখবর নিয়ে প্রতিদিনের অনুষ্ঠান ‘বিশ্ববাংলা’।