
বিরতির পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল সুমাইয়া শিমুর। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন এই অভিনেত্রী। ৬ সেপ্টেম্বর উত্তরায় শুটিং বাড়িতে সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। এক দিন শুটিংও করেছিলেন। তবে শেষ পর্যন্ত ধারাবাহিকটিতে পরে আর অভিনয় করা সম্ভব হয়নি তাঁর। তাঁর চরিত্র রুকাইয়ার ভূমিকায় দেখা যাবে দীপা খন্দকারকে। হঠাৎ কেন বদলে গেল কাস্টিং? জানা গেছে, চোখের গুরুতর সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুটিং থেকে সরে দাঁড়াতে হয়েছে সুমাইয়া শিমুকে।
‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল শিমুর। এর আগে চরিত্রটি নিয়ে তিনি বলেছিলেন, ‘বিরতির পর ফেরার মতো গল্প ও চরিত্র।’ দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফেরার সুযোগটি নিয়ে তাই বেশ আগ্রহী ছিলেন শিমু। কিন্তু সংবাদ সম্মেলন ও এক দিন শুটিংয়ের পরই তাঁর চোখের সমস্যা বেড়ে যায়।
প্রথম আলোকে আজ সোমবার সুমাইয়া শিমু জানান, শুটিংয়ের প্রথম দিন থেকেই চোখে অস্বস্তি অনুভব করছিলেন। পরদিন চোখ ফুলে যায় ও ব্যথা বাড়তে থাকে। ডান চোখ পুরোপুরি লাল হয়ে যায়। পরে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, চোখের কর্ণিয়ায় আঘাত পেয়েছেন তিনি। এরপর ব্যথা এতটাই বেড়ে যায় যে শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি।
আজ দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সুমাইয়া শিমু। তিনি বলেন, ‘কাজটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম। সংবাদ সম্মেলনেও ছিলাম। এক দিন শুটিংও করেছি। কিন্তু চোখের সমস্যায় আমি শেষ পর্যন্ত কাজটি করতে পারিনি। চিকিৎসকের পরামর্শে ১০ দিনের বেশি সময় আমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হয়েছে। আজ সকালেও চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখন অবস্থা ভালো দিকে। এত দিন তো আমি চোখে কোনো পানিও দিতে পারিনি। আগামী পরশু থেকে সবকিছু স্বাভাবিক হবে। এখন কোনো ব্যথাও নেই।’
চোখের সমস্যার শুরু কীভাবে, সেটিও জানান শিমু। তাঁর মতে, ‘চোখে ভাইরাস সংক্রমণের ব্যাপারটি টের পাই। কিন্তু সংবাদ সম্মেলনের পরদিন শুটিং করি। সেদিন আমার চোখ ফুলে যায় ও ব্যথা বাড়ে। চিকিৎসকের কাছে গেলে তিনি জানতে চান, চোখে কোনো কিছুর আঘাত পেয়েছি কি না। তখন জানাই, মেকআপের সময় মাসকারার ব্রাশের খোঁচা লেগেছিল কর্ণিয়ায়। চিকিৎসকও নিশ্চিত হন, সেটিই আসল কারণ। অবস্থাটা এমন দাঁড়ায় যে চোখের ব্যথায় অস্থির হয়ে পড়ি।’
সুমাইয়ার শারীরিক অবস্থার কথা জানতে পেরে তাঁর সঙ্গে আলোচনা করেই কাস্টিংয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেন পরিচালক মোস্তফা কামাল রাজ। সুমাইয়ার পরিবর্তে রুকাইয়া চরিত্রে দীপা খন্দকারকে নেওয়া হয়। এর আগে থেকেই ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন দীপা। তাঁর অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে। পরে সেই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী।
সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক দিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজুসহ অনেকে। আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।