‘মাফ করে দিলাম, আবার আমরা একসঙ্গে’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন; তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
শুটিংয়ে গিয়ে কাশফুলের সঙ্গে ছবিটি ফেসবুক পোস্ট করেছেন ফারুক আহমেদ। প্রকৃতিপ্রেমী এই অভিনেতা লিখেছেন, ‘শুটিং করতে গেলে প্রকৃতির সৌন্দর্যও দেখা হয়। কাশফুলে ভরা মাঠ। নীল আকাশে মেঘেদের উড়ে উড়ে চলে যাওয়া। প্রকৃতির এই মোহনীয় রূপ দেখে মন ভালো হয়ে যায়।’
ছবি: ফেসবুক থেকে
ইরফান সাজ্জাদের সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে জুটি হয়েছিলেন সুনেরাহ্ বিনতে কামাল। ভিন্নভাবে তাঁদের গল্পে দেখা যায়। গল্পে সাজ্জাদকে একাধিক প্রেম করতে দেখা যায়। দীর্ঘদিন পর সেই নাটকের দুই চরিত্র আবার ফিরছে। শিগগির তাঁদের দেখা যাবে একসঙ্গে নাচতে। এ ছাড়া নাটকেও অভিনয় করছেন। ইরফানের সঙ্গে ছবি পোস্ট করে সুনেরাহ্ মজা করে লিখেছেন, ‘মাফ করে দিলাম, আবার আমরা একসঙ্গে।’
শুটিংয়ে হঠাৎই আগুনে দগ্ধ হন অভিনেত্রী শারমীন আঁখি। সেই ঘটনায় তাঁর শ্বাসনালিসহ শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিন বছর হলো। এখনো চিকিৎসকে পরামর্শ নিতে হয়। তিনি লিখেছেন,‘ফাইলের পাতা উল্টাতে উল্টাতে ভাবছি সুস্থতার চেয়ে বড় কোনো নিয়ামত পৃথিবীতে সত্যিই নেই। পরম করুণাময়ের ওপর ভরসা রেখে অপেক্ষায়।’
অভিনেত্রী তমা মির্জা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কৃতজ্ঞতা নিয়ে জেগে উঠুন, আত্মবিশ্বাসের সাথে পথ চলুন এবং আপনার ভেতরের আলোকেই নিজের পরিচয় দিতে দিন।’
অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। বেশির ভাগ সময় বাসায় থাকতে হয়। বেশ আগের ছবিটি পোস্ট করে মৌসুমী লিখেছেন,‘ভাবতেছি সর্বশেষ কবে গেছিলাম ঘুরতে, আবার কবে যাব এমন জায়গায়।’