একসময় নাটকের নিয়মিত জুটি ছিলেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ অনেক নাটকে দিয়ে তাঁরা প্রশংসিত হয়েছেন। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’ নিয়ে আবার ফিরলেন সেই জুটি।
জোভান–তিশা ভক্তদের কাছে একসঙ্গে ‘তিভান’ নামে পরিচিতি। তাঁদের নামে ফেসবুক গ্রুপও ছিল। নাটকটির মন্তব্যের ঘরে এই তিভানকে নিয়ে রুদ্র নামে এক দর্শক লিখেছেন, ‘অনেক আগে থেকে তিভানদের সব নাটক দেখি। পুরোনো জুটির মধ্যে তাঁদের দুর্দান্ত লাগে। এই জুটির রসায়নে আলাদা একটা আকর্ষণ আছে, একধরনের মায়া আছে। দুজনেই একসঙ্গে অসাধারণ কিছু হয়ে যায়। আচ্ছা, কেন এই জুটির কাজ কম আসে, নিয়মিত কাজ আসে না? এই জুটির বেশি বেশি কাজ আসা উচিত।’
নাটকটি নিয়ে তোফাজ্জল হোসেন নামে এক দর্শক লিখেছেন, ‘অনেক দিন পরে জোভান–তানজিন তিশা জুটির নতুন নাটক দেখলাম। এই জুটির অন স্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ, গল্প যেমনই হোক না, দুজনের ন্যাচারাল অভিনয়, বোঝাপড়া দারুণ হয় বলেই জুটির রসায়ন এত ভালো জমে ওঠে। এ কারণেই তাঁদের নাটক মিস করি। তাঁদের আবার নিয়মিত হওয়া উচিত।’
একই সময়ে ক্যারিয়ার শুরু করেন জোভান ও তানজিন তিশা। কিন্তু তাঁরা নিজেরাই একসময় একসঙ্গে অভিনয় থেকে দূরে সরে আসেন। অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, ‘অনেক দিন পরে আমাদের কাজ। এর শুটিং করেছিলাম ঈদের আগে।’
কী আছে এই নাটকের গল্পে? বিদেশে পড়াশোনা শেষে এক বছর চাকরি করে দেশে আসে এক তরুণ। দেশে এসে একটি প্রতিষ্ঠানে সিইও পোস্টে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় সে। তারপরের গল্প ক্যারিয়ার নিয়ে ভিন্ন এক প্রতিশোধের গল্প। এর মধ্য দিয়ে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়। তেমন কিছু প্রসঙ্গ এতে রয়েছে।
নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায়, বড়দা মিঠু। এটি লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।