ভালোবাসা দিবসের কোন কাজগুলো দেখেছেন দর্শকেরা

‘ভিপি’ নাটকের পোস্টার
‘ভিপি’ নাটকের পোস্টার

নির্বাচনের কারণে এ বছর ভালোবাসা দিবসে নাটক প্রচারের সংখ্যা ছিল কম। প্রতিবছর গড়ে ৫০টির বেশি নাটক প্রচারিত হলেও এ বছর ২০টির মতো নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হয়েছে। সংখ্যায় কম হলেও ইউটিউব ভিউ, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা ও দর্শকের প্রতিক্রিয়ায় কাজগুলো এগিয়ে আছে। ভালোবাসা দিবসে দর্শকের আগ্রহ কী নিয়ে, দেখে নিতে পারেন।

‘ভিপি’
শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফেরাতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলনে বাধা হয়ে দাঁড়ায় কয়েকজন ছাত্র। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ভিপি তুষার। এ চরিত্রেই অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থীর সঙ্গে প্রেমের গল্প নিয়েই এগিয়ে চলে গল্প। ফারহানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ভালোবাসা দিবসের পরদিন মুক্তি পাওয়া নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে সাড়ে ৪২ লাখ বার। নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।

‘যে কথা হয়নি বলা’ নাটকের পোস্টার

‘যে কথা হয়নি বলা’
সম্পর্কের না-বলা অনুভূতি, ভুল–বোঝাবুঝি ও সময়ের দূরত্বকে কেন্দ্র করে এগিয়েছে ‘যে কথা হয়নি বলা’র গল্প। কী আছে গল্পে? কফিশপে গান করে কাব্য। কুহু নামের একটি মেয়েকে সে পছন্দ করে। মেয়েটা তার দীর্ঘদিনের চেনা। কিন্তু ভালোবাসার কথা বলতে পারে না। হঠাৎ সেই মেয়েই তার বন্ধুর প্রেমে পড়ে। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। ১ ঘণ্টা ২৭ মিনিটের নাটকটির ৩ দিনে ৩১ লাখ ভিউ হয়েছে।

‘গল্পটা প্রেমের’ নাটকের একটি দৃশ্যে

‘গল্পটা প্রেমের’
টমবয় স্বভাবের প্রাণবন্ত এক মেয়ে নির্ঝর। তাকে পছন্দ করে সাধারণ স্বভাবের এক তরুণ, নুহাশ। তার সবটাজুড়ে নির্ঝর। মেয়েটির কিন্তু আরেক তরুণকে পছন্দ। নুহাশকে ব্যবহার করে মজার ছলে পছন্দের মানুষের কাছে ভালোবাসার উপহার পাঠায় নির্ঝর। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। বাস্তবধর্মী উপস্থাপনা, পরিমিত অভিনয় দর্শক পছন্দ করেছে। এতে জুটি হয়েছেন আরশ খান ও ফারিহা রহমান। এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। এটির ভিউ ২০ লাখ।

‘লস্ট ইন ট্রান্সলেশন’ এর পোস্টার

‘লস্ট ইন ট্রান্সলেশন’
রাঙামাটিতে আবরারের পোস্টিং। স্থানীয় সংস্কৃতির সঙ্গে ক্রমে তার পরিচয় হতে থাকে। একসময় স্থানীয় একটি মেয়েকে তার ভালো লেগে যায়। মেয়েটিকে পাওয়ার জন্য স্থানীয় ভাষা শিখতে থাকে। কিন্তু ভালোবাসার কথা মেয়েটিকে বলতে পারে না। রাঙামাটি জেলার সুন্দর সব লোকেশনে চিত্রায়িত নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়া রানি। হাসিব হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। গতকাল পর্যন্ত ১০ লাখ ভিউ হয়েছে।