তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার

কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যে তাঁর তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়েছেন অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি

ফেসবুকে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।’ তাঁর এই ফেসবুক পোস্টের মন্তব্যে সহকর্মী ও ভক্তরা সাহস জুগিয়েছেন। তাঁরা সবাই তাঁর জন্য দোয়া চেয়েছেন। অভিনয়শিল্পী কচি খন্দকার লিখেছেন, ‘জীবন সত্য এবং সুন্দর—শুভকামনা।’ নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে।’ নির্মাতা গৌতম কৈরী লিখেছেন, ‘জীবন সুন্দর। দ্রুত সুস্থ হয়ে উঠুন। চিত্রনাট্য কিন্তু তৈরি আছে।’

কিছুদিন আগেই মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর এবং অস্ত্রোপচার শেষে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। গত ৪ মার্চ রাতের সেই ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তিনি। ফেসবুক লাইভে তিনি জানান, কিছুদিন আগে তাঁর মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানান তিনি।

তানিয়া বৃষ্টি। ছবি: ফেসবুক

গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসকদের পরামর্শে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার হয় তানিয়া বৃষ্টির। এরপর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয় অভিনেত্রীর।

দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাঁকে আবারও ভারতে যেতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুরু করি আবার।’