তিন নম্বরে নেমে গেল ‘বড় ছেলে’...

‘বড় ছেলে’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন। ছবি: সংগৃহীত
‘বড় ছেলে’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ইউটিউব–দুনিয়ায় বাংলা নাটকে শীর্ষে ছিল বড় ছেলে। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি এবার ২ থেকেও নেমে ৩ নম্বরে চলে এসেছে। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে মামার বাড়ি। কোন পাঁচটি নাটক বর্তমানে শীর্ষে আছে, চলুন জেনে নিই।

ইউটিউবের সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় গত বছর থেকে ১ নম্বরে আছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। স্ত্রীকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ করতে যায় এক যুবক। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার সম্পর্ক, আত্মীয়স্বজনের মজার সব ঘটনা, ছোটখাটো ভুল–বোঝাবুঝি এবং পারিবারিক টানাপোড়েনে এগিয়ে চলে গল্প। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। পরিচালনা করেছেন মহিন খান। ৭৪ মিলিয়ন দর্শক এটি দেখেছেন।

‘শ্বশুরবাড়িতে ঈদ’ সবচেয়ে বেশি দেখা নাটক

দ্বিতীয় স্থানেও রয়েছে মহিন খানের নাটক, নাম ‘মামার বাড়ি।’ দেখেছেন ৬১ মিলিয়ন দর্শক। এই নাটকেও অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি জুটি। গ্রামীণ পটভূমিতে পারিবারিক সম্পর্ক, জমির ভাগকে কেন্দ্র করে নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। সহজ-সরল গল্প ও অভিনয়ের জন্য নাটকটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

‘মামার বাড়ি’ নাটকের একটি দৃশ্যে

বাংলা নাটকের দর্শকদের কাছে বড় ছেলে এক আবেগের নাম। প্রকাশের পর থেকে টানা কয়েক বছর ইউটিউবে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষে ছিল এটি। সম্প্রতি ২ নম্বর থেকে ৩ নম্বরে নেমে এসেছে। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেকে কেন্দ্র নির্মিত নাটকটিতে উঠে এসেছে দায়িত্ব, ত্যাগ ও পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার গল্প। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি এখন পর্যন্ত ৫৮ মিলিয়ন দর্শক দেখেছেন।

‘ভুলো না আমায়’ নাটকের পোস্টার

৪ নম্বরে থাকা সংসার আমার ভাল্লাগে না দেখেছেন ৫৭ মিলিয়ন দর্শক। এই নাটকেও জুটি হয়েছেন নিলয় ও হিমি। এটিও নির্মাণ করেছেন মহিন খান। সংসার করতে চায় না—এমন এক তরুণের দাম্পত্য জীবনের টানাপোড়েন, ভুল–বোঝাবুঝি হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন থাকায় নাটকটি দর্শকদের মধ্যে সাড়া পায়।

সর্বাধিক দেখা নাটকের ৫ নম্বরে রয়েছে ‘ভুলো না আমায়।’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এটি ৫৫ মিলিয়ন দর্শক দেখেছেন। গ্রামের বিয়ে ঘিরেই দুই বেয়াই ও বেয়ানের প্রেম নিয়ে এই গল্প। বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। তাঁর সঙ্গে যৌথভাবে লিখেছেন সোহেল রানা।