‘ত্রিভুজ’ নাটকের শুটিংয়ের ফাঁকে নাজনীন নীহা, অপূর্ব ও ইমতিয়াজ বর্ষন
‘ত্রিভুজ’ নাটকের শুটিংয়ের ফাঁকে নাজনীন নীহা, অপূর্ব ও ইমতিয়াজ বর্ষন

ত্রিভুজ প্রেমের গল্প

ত্রিভুজ প্রেমের গল্পে একসঙ্গে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজনীন নীহা ও ইমতিয়াজ বর্ষণ। মাসরিকুল আলম পরিচালিত নাটকটির নামও ‘ত্রিভুজ’। চার দিনের শুটিং শেষ হয়েছে, বাকি আর এক দিনের কাজ।

নাটকটিতে লেখক জাভেদ হোসেন রুমীর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নাজনীন নীহা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ঋতু আর ব্যবসায়ী মিলনের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

‘ত্রিভুজ’ নাটকের শুটিংয়ে নাজনীন নীহা ও অপূর্ব

পরিচালক জানালেন, নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়জীবনে ঋতুর উৎসাহে রুমী লেখালেখি শুরু করে। একটা পর্যায়ে তাদের বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। কিন্তু পরিবারের দায়িত্ব, বাবার অসুস্থতা এবং মিলনের ওপর পরিবারের নির্ভরতার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত সরে দাঁড়ায় রুমী। পরে মিলনের সঙ্গে ঋতুর বিয়ে হয়। তবে অতীত নিয়ে সন্দেহ ও দাম্পত্যের টানাপোড়েনে একসময় বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় ঋতু। একপর্যায়ে আবার ঋতু ও মিলনের সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নেয় রুমী।

নাটকটি নিয়ে গত রোববার অপূর্ব প্রথম আলোকে বলেন, এই স্ক্রিপ্টের প্রতিটি সংলাপ, প্রতিটি সিচুয়েশন এবং এর ডেপ্থ আমার হার্ট টাচ করেছে। যার কারণে কাজটা করতে আগ্রহ পেয়েছি বেশি।’

‘ত্রিভুজ’ নাটকের শুটিংয়ে নাজনীন নীহা ও ইমতিয়াজ বর্ষন

ইমতিয়াজ বর্ষণ জানালেন, অপূর্বর সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ, তাঁদের দুজনকে এর আগে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ ও ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’–এ দেখা গেছে। আর নীহার সঙ্গে ‘ত্রিভুজ’ তাঁর প্রথম কাজ। তিনি বললেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা দারুণ। কাজ করে আরাম পাই। সব মিলিয়ে মনে হয়েছে, সুন্দর একটা গল্পে কাজ করলাম।’

‘ত্রিভুজ’ নাটকের শুটিংয়ের ফাঁকে (বাম থেকে) পরিচালক মাসরিকুল আলম, নাজনীন নীহা, অপূর্ব ও ইমতিয়াজ বর্ষন

পরিচালক মাসরিকুল আলম বলেন, ‘ত্রিভুজ শুধু কে কাকে পেল—এই প্রশ্নের গল্প নয়; বরং কাকে ভালোবেসে মানুষ কী হারায়, কী রেখে যায় এবং কোনো কোনো ভালোবাসা কেন পূর্ণতা না পেয়েও সারা জীবন থেকে যায়, সেই গল্প।’