‘এমন এক কটুবাচক শাসকের পাল্লায় গত দেড় দশক পড়েছিলাম’

চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুন
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ ও সৌহার্দ্যের প্রসঙ্গ তুলে ইতিবাচক মন্তব্য করেছেন নির্মাতা আশফাক নিপুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আচরণকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। এই নির্মাতা স্বৈরাচারী সরকারের আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন।

সচেতন নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আশফাক নিপুন

নিপুন মনে করেন, দীর্ঘ সময় দেশের মানুষ কঠোর ও কটুবাচক রাজনৈতিক পরিবেশের মধ্যে ছিলেন। সেই দীর্ঘ সময় পরে সাম্প্রতিক নির্বাচনে বিপুল বিজয় পায় তারেক রহমানের জাতীয়তাবাদী দল বিএনপি। সাম্প্রতিক সময়ে এই নেতার রাজনৈতিক শিষ্টাচার অনেকের কাছেই অপ্রত্যাশিত বা স্বপ্নের মতো মনে হতে পারে।

এ প্রসঙ্গে এই পরিচালক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এমন এক কটুবাচক শাসকের পাল্লায় গত দেড় দশক পড়েছিলাম যে নির্বাচনে বিপুল বিজয়ী জনাব তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার অলীক অলীক লাগে।’

বিভিন্ন সময় আন্দোলনে সক্রিয় ছিলেন নিপুন। ছবি: ফেসবুক থেকে

আশাবাদ ব্যক্ত করে নিপুন লিখেছেন, ‘আশা করি চেয়ার তাঁর এই শিষ্টাচারে ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে না; এবং রাজনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রেই এই শিষ্টাচার ফিরে আসবে; যার কিছুটা আমরা দেখেছি এই নির্বাচনে উভয় জোটেরই বিজয়ীদের পরাজিতদের সঙ্গে সৌহার্দ্য বিনিময়ে।’

আশফাক নিপুনের পোস্টে এক ভক্তের মন্তব্য, এবারের নির্বাচনে তার কিছুটা ইতিবাচক দিকও দেখা গেছে। উভয় জোটের বিজয়ী প্রার্থীদের পরাজিতদের সঙ্গে সৌহার্দ্য বিনিময়ের ঘটনা রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। গতকাল বিরোধী দলের দুই নেতার বাসায় তারেক রহমানে যাওয়াটা সেই কথাই বলে।’

আশফাক নিপুন। নির্মাতার ফেসবুক থেকে

এ বছর জাতীয় নির্বাচনের দিন সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তায় নিপুন বলেছিলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক। ভোট দিলাম। খুব সুন্দর পরিবেশ, ভোটাররা উৎসাহী, কর্মকর্তারাও খুব আন্তরিক—ভোট দিতে পেরে ভালো লাগছে।’