শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির

সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

কয়েক দিন ধরেই দর্শকদের কাছে ভোট চেয়েছিলেন সামিরা খান মাহি। দর্শকেরা কথা রেখেছিলেন। এই অভিনেত্রী ও মডেলের আহ্বানে সাড়া দিয়ে ভোট দেন। শেষ পর্যন্ত ভোটে বিশ্বের ১১৬ প্রতিযোগীর মধ্যে গভীর রাতে শীর্ষে চলে আসেন মাহি। তারপরও কেন ৩০–এ জায়গা হলো না এই অভিনেত্রীর?

বাংলাদেশ সময় রাত তখন দুইটা। সেই সময় ভক্তদের কাছে অনুরোধ করেন সামিরা খান মাহি। আকুতির জানিয়ে বলেন, ‘প্লিজ আমি আপনাদের মেয়ে, আমাকে ভোট দিন। এটা বাংলাদেশের জন্য গর্বের। আর মাত্র ৪ ঘণ্টা। আপনারাই পারেন আমাকে ভোট দিয়ে এগিয়ে রাখতে। প্লিজ প্লিজ, আমাকে ভোট দিন।’

এ সময় ভক্তদের জানান, মিস ইউনির্ভাস প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি শুরু থেকেই নিজের সব চেষ্টা দিয়ে লড়ে যাচ্ছেন। তবে এটাও জানান, এই লড়াই তাঁর একার পক্ষে সম্ভব নয়। এখান ভক্তদের পাশে চান, তাঁদের সমর্থন চান।

সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

এই নিয়ে মাহি প্রথম আলোকে বলেন, ‘আমাকে প্রতিদিন মাত্র ২ থেকে তিন ঘণ্টা ঘুমাতে হয়। আমি এই রুটিনে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার জ্বর ছিল। তবে আজ ফাইনালের দিনে আমি অনেকটাই সুস্থ। মধ্যে একটু ঘুমও হয়েছে, ৫ ঘণ্টার মতো ঘুমানোর  সুযোগ পেয়েছি। কিন্তু আজ ফাইনালের জন্য আপনাদের কাছে শেষবারের মতো ভোট চাই।’ এ সময় তিনি জানান, দীর্ঘ সময় আর কাছে ফোন থাকবে না। কারণ, আয়োজকেরা ফোন নিয়ে নেন।

ভোট নিয়ে শেষ মুহূর্তে মাহি কিছুটা ভেঙে পড়েন। কারণ, তখনো তাঁর ভোটে শীর্ষে যাওয়ার সম্ভাবনা ছিল। তিনি বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বলেন, ‘বর্তমানে আমি ২ নম্বরে রয়েছি। আমাকে আপনারাই পারেন ভোট দিয়ে ১ নম্বরে নিয়ে আসতে। আমি দেখতে চাই, আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য আরেকটু চেষ্টা করেন।’

সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

ফাইনালের তখনো বাকি মাত্র কয়েক ঘণ্টা। ভোট নিয়ে চরম প্রতিযোগিতা হচ্ছে। একসময় ভোটিং স্কোরে প্রায় শীর্ষের দিকে চলে আসেন সামিরা খান মাহি। তখনো এই অভিনেত্রী ফাইনালের মঞ্চের জন্য প্রস্তুত। সবাইকে অবাক করে দিয়ে সামিরা খান মাহি শেষ পর্যন্ত গভীর রাতে বাংলাদেশের হয়ে ভোটে শীর্ষে চলে যান। শেষ পর্যন্ত সামিরা খান মাহির ভোটিং স্কোর দাঁড়ায় ২৩৮ কোটি। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকে কম্বোডিয়ার প্রতিযোগীর ভোটিং স্কোর ২৩২ কোটি।

এদিকে ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত শীর্ষ ৩০–এ থাকতে পারেননি সামিরা খান মাহি। শীর্ষে থাকার জন্য ভোটিং রাউন্ড গুরুত্বপূর্ণ হলেও শুধু ভোটে শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। মিস ইউনির্ভাসের ওয়েবসাইট থেকে জানা যায়, মিস ইউনিভার্সের ২০২৬ সালের ফরম্যাটে দর্শকদের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর জন্য সরাসরি টপ ৩০-এ যাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ভোটে এগিয়ে থাকা মানেই মুকুট নিশ্চিত বা শীর্ষ ৩০–এ জায়গা নয়। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স ও বিচারকদের মূল্যায়ন গুরুত্বপূর্ণ। ফাইনালে টপ ৩০ থেকে টপ ১২, এরপর টপ ৫ এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজয়ী নির্ধারিত হয়। এখানেই পিছিয়ে গেছেন অভিনেত্রী মাহি।

সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

এই নিয়ে মাহি ভিডিও বার্তায় বলেন, ‘এটা বিভিন্ন দেশের প্রতিযোগী দীর্ঘ সময় নিয়ে নিজেদের প্রস্তুত করে। সেখানে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নেই। আমাদের আরও সময় দরকার। কারণ, এখানে ভোট ছাড়াও নিজেকে যথাযথভাবে তুলে ধরতে হয়। ব্যক্তিগত সাক্ষাৎকার, সাঁতারের পর্ব, ইভনিং গ্রাউন, জাতীয় পোশাক ও প্রশ্নপর্ব এবং সামাজিক দায়বদ্ধতার ও নেতৃত্বের নানা বিষয়ে একজন প্রতিযোগীকে পারদর্শী হতে হয়। এসব মার্ক যোগ করেই শীর্ষ তালিকা হয়।’

২০২৬ সালের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৮ নভেম্বর। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা ওই দিন থেকে পুয়ের্তো রিকোতে জড়ো হতে শুরু করেন। আর মূল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর ২০২৬। এবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।