আমরা পরস্পর আলিঙ্গন করেছিলাম, গভীর আলিঙ্গনই...

বাংলাদেশি অভিনয়শিল্পী মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি জয় গোস্বামী। মোশাররফ করিমের কাছে তাঁর ‘প্রণাম’ পৌঁছে দেওয়ার অনুরোধও করেন। সম্প্রতি শেষ হওয়া ঢাকা লিট ফেস্টের এক সন্ধ্যায় কবিতাবিষয়ক একটি সেশনে বক্তব্যের এক ফাঁকে দেশের এই অভিনয়শিল্পীর প্রশংসা করেন তিনি। ঢাকা থেকে কলকাতা যাওয়ার দিন উত্তরায় দেখা হয় জয় গোস্বামী ও মোশাররফ করিমের। এক নজরে দেখে নেওয়া যাক, জয় গোস্বামীর সঙ্গে মোশাররফ করিমের সেই মুহূর্ত।
ঢাকার উত্তরায় একটি কফি শপে ১১ জানুয়ারি দেখা হয় জয় গোস্বামী ও মোশাররফ করিমের। সেদিন তাঁরা দুজন একসঙ্গে ৩০ মিনিট সময় কাটান। জয় গোস্বামীর সঙ্গে দেখা হওয়ার পর প্রথম আলোকে মোশাররফ করিম জানান, ‘আমার জীবনে যতবার বিস্মিত হয়েছি, তার মধ্যে এই ঘটনা অন্যতম।
ছবি : মোশাররফ করিমের সৌজন্যে
মোশাররফ করিমের অভিনয় কবি জয় গোস্বামীর অনেক পছন্দ। তাঁর অনেক নাটক ও চলচ্চিত্রের সংলাপ কবির মুখস্থ। উত্তরায় দেখা হওয়ার পর সেই সংলাপ আবার জয় গোস্বামী অ্যাক্টিং করে দেখিয়েছেন মোশাররফ করিমকে
কথা প্রসঙ্গে জয় গোস্বামী প্রথম আলোকে জানান, ‘গত রাতে (৬ জানুয়ারি) মোশাররফ করিমকে আমি সারা রাত্তির স্বপ্নে দেখেছি।’এরপর মোশাররফ করিমকে নিয়ে বাংলাদেশে বসে জয় গোস্বামী লিখে ফেলেন একটি কবিতা!
কবি জয় গোস্বামী প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি শুধু ওইটুকুই বলতে পারব, তাঁর লেখার ব্যাখ্যা-বিচারের কথা বলতে চাইছি না, বলার ক্ষমতাও আসলে আমার নেই—এটা পরিষ্কার কথা। লয় হওয়া, মিশে যাওয়া, হারিয়ে যাওয়া মানুষকে টের পাওয়া, সেটা তো তাঁর কবিতার মধ্যে পাওয়া যায় এবং এবার দেখা হওয়ার পর কেন তিনি এমন লিখতে পারেন, সেটাও ফিল করতে পারলাম। আমরা পরস্পর আলিঙ্গন করেছিলাম, গভীর আলিঙ্গনই। নিখাদ আলিঙ্গন। একদমই ভালোবাসার, প্রেমের আলিঙ্গন।’
কবি জয় গোস্বামী তাঁর লেখা কবিতাটি উপহার দিয়ে গেছেন মোশাররফ করিমকে। এই অভিনয়শিল্পী বলেন, ‘তাঁর হাতে লেখা এই কবিতা এখন আমার কাছে। এই উপহারের কোনো মূল্য হয়? এক কথায় অমূল্য। ইট আ গ্রেট গিফট, কবিতাটি। আমি তাঁকে বলেছিও। কবিতাটি বাসায় বাঁধিয়ে রাখব।’