ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ

‘প্রতি মাসের পাঁচ তারিখের ভোররাতটা আমার জন্য খুব ভয়ংকর হয়’

বিঞ্জের ‘বাবা, সামওয়ানস ফলোয়িং মি’ ওয়েবফিল্মে ‘রবিন’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন ইরফান সাজ্জাদ। দীর্ঘদিন পর নিজেকে ভাঙার সুযোগ পেয়েছেন। এদিকে একসঙ্গে দুই সন্তান হারিয়ে অনেকটা সময় ছিলেন ট্রমার মধ্যে। অবশেষে নিজের সঙ্গে সংগ্রাম করে ফিরেছেন কাজে। ক্যারিয়ারের এই ফেরাকে ‘দ্বিতীয় ইনিংস’ বলতে চান ইরফান। তাঁকে নিয়ে লিখেছেন মনজুরুল আলম।

‘প্রতি মাসের পাঁচ তারিখের ভোররাতটা আমার জন্য খুব ভয়ংকর হয়। দিনটা আমাকে ঠিক থাকতে দেয় না। ভয়ংকর এই দিন না এলে জীবনটা অন্য রকম হতে পারত,’ বললেন ইরফান সাজ্জাদ। তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন ৫ ডিসেম্বর সন্ধ্যা, দিনটা ছিল গত মঙ্গলবার। ভারতের চেন্নাইয়ে গত মে মাসের ৫ তারিখে একসঙ্গে যমজ সন্তান হারিয়েছেন তিনি। তার পর থেকে সন্তানকে মনের ভেতর ধারণ করেই এগিয়ে চলেছেন। এই সময়ে তেমন কোনো কাজ করেননি। কিন্তু জীবনের এই চড়াই–উতরাই তাঁকে ফিরিয়ে নিয়ে গেল ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে।

শুরুতেই যেন বাজিমাত
ক্যারিয়ার শুরুর পরে অপেক্ষায় ছিলেন ভালো গল্প ও চরিত্রের। শুরুতে নাটকে সেটা পাননি। পরে যখন ওয়েব সিরিজ, ফিল্ম শুরু হলো, তখনো অভিনেতা ইরফান সাজ্জাদের ভাগ্য সহায় হচ্ছিল না। কিন্তু আত্মবিশ্বাস ছিল যে নিজেকে প্রমাণের সুযোগ আসবে। সেই সুযোগ তাঁকে দিয়েছে ক্যারিয়ারের চতুর্থ সিনেমা ‘আলী’র চরিত্র। ইরফান সাজ্জাদকে চরিত্রে, লুকে, ডায়ালগে ভাঙতে হয়েছে।

পরে একদিন শিহাব শাহীন ফোন করলেন ‘বাবা, সামওয়ানস ফলোয়িং মি’ ছবিতে অভিনয়ের জন্য।

ইরফান সাজ্জাদ

সাজ্জাদ বলেন, ‘শিহাব শাহীন ভাই ফোন করলে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কারণ, বাবা-মেয়ের গল্প হলেও আমার চরিত্রের গুরুত্ব ছিল। কিন্তু চ্যালেঞ্জ ছিল শহীদুজ্জামান সেলিম ভাই, ফারিণ, সোহেল মণ্ডল, আশরাফুল আশিষরা। তাঁরা সবাই একেকটা দিকে ভালো অভিনয়শিল্পী। তখন মনে হলো, এদের ভিড়ে টিকে থাকতে হলে ইরফান সাজ্জাদ থেকে বের হতে হবে। সেখানে আমি হয়তো সফল হতে পেরেছি। ফিল্মটি দেখে দর্শকেরা সেটাই বলছেন।’
নিজের মতো বাঁচা
‘জীবনটা যেন আবহমান স্রোতের মতো। স্রোতে কোনো কিছুই চাইলেও আটকে রাখা যায় না। এসব কখনো জীবনকে একটুও ছাড় দেয় না। কিন্তু নিয়তিকে মেনে নিতেই হয়। আমি মেনে নিয়েছি। আমার কাছে এখন শুধু এটাই মনে হয় যে জীবনের কোনো কিছুই নির্ধারিত নয়,’ বলেন সাজ্জাদ। তিনি জানান, ক্যারিয়ারে পরিকল্পনা করে অনেক কিছুই হয় না। কিন্তু কারও জন্য যেসব পরিকল্পনা হয়ে আসে, সেগুলো বাধা দেওয়ার ক্ষমতাও কারও নেই। যে কারণে এই অভিনেতার কাছে বর্তমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সন্তান হারানোর পর থেকে মনে হয়েছে, মানসিকভাবে যা শান্তি দেয়, সেটাই করব। আমার মতো করেই এখন বাঁচতে চাই। এই সিদ্ধান্তই আমাকে মনের মতো চরিত্র আর গল্পে অভিনয় করার সুযোগ করে দিচ্ছে।’

এবার স্বপ্ন পূরণের পালা
অভিনেতা হিসেবে নিজেকে সব সময় ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখলেও হোঁচট খেয়েছেন ইরফান সাজ্জাদ। কারণ, বাধ্য হয়েই অনেক সময় ছাড় দিয়ে কাজ করতে হয়েছে। কখনো মাসের বেশির ভাগ সময় ব্যস্ত থেকেছেন শুটিংয়ে। গল্পের বাছবিচার করার সুযোগ ছিল না। ইরফান বলেন, ‘এখন আমি যেসব গল্প পাব, সেগুলো যত্ন নিয়ে করব। যেন একজন প্রকৃত অভিনেতার জায়গায় পৌঁছাতে পারি। একসময় বাধ্য হয়ে অনেক কাজ করতে হয়েছে। মাসে ২৫ দিনের বেশি শুটিং করেছি। ১২/১৪টা নাটক করেছি। এখন আর ভুল করতে চাই না। এখন আর একটি চরিত্রের শুটিংয়ের ভেতর অন্য কোনো চরিত্রে কাজ করতে চাই না। একটা শেষ করে আরেকটি করতে চাই। যেটার ফল আমাকে ‘বাবা, সামওয়ানস ফলোয়িং মি’ দিয়েছে। এরপর ‘আলী’ সিনেমার চরিত্র, ‘ভয়াল’ ওয়েব সিরিজ, ‘ফরগেট মি নট’ ওটিটির কাজগুলোয় অন্য এক ইরফানকে দেখবেন দর্শক।’

শুভ দৃষ্টি নাটকে ইরফান সাজ্জাদ

দ্বিতীয় জীবন
স্ত্রী শারমিন সাজ্জাদ জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা করাতে চেন্নাইয়ে গিয়েছিলেন ইরফান। সেখানে চিকিৎসক বলে দিয়েছিলেন, এই অভিনেতার স্ত্রী মা হওয়ার পরে অস্ত্রোপচার করতে পারবেন। কারণ, আগেই অস্ত্রোপচার করালে মা হতে পারবেন না। কিন্তু হঠাৎ ভোররাত তাঁদের সবকিছু এলোমেলো করে দেয়। স্ত্রীর অস্ত্রোপচার করাতেই হয়।

সেদিন বাঁচানো যায়নি যমজ সন্তানকে। সেই ট্রমা থেকে বের হয়ে ইরফান দম্পতি একটু একটু করে কাজে ফিরেছেন। তাঁর স্ত্রী সংবাদপাঠিকা। দেড় মাস পর কাজে নিয়মিত হয়েছেন। ইরফান বলেন, ‘স্ত্রী কাজে ফেরায় আমিও বাইরে এসে ১০ দিন শুটিং করার সুযোগ পেয়েছি। নতুন করে সবকিছু শুরু করছি। এটা আমার দ্বিতীয় যাত্রা। দুই বছর স্ত্রীকে নিয়ে চেন্নাইয়ে ছিলাম। নিয়মিত কাজ করিনি। পরে তো সন্তান মারা গেল। তারপরের তিন মাসে জীবন অনেক কিছু শিখিয়েছে। এই ইরফান সাজ্জাদ যে এখন কাজ করছে, এটা আমার সেকেন্ড ইনিংস।’

‘বাবা, সামওয়ানস ফলোয়িং মি’–তে ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিণ। ছবি: পরিচালকের সৌজন্যে

‘মায়ের সঙ্গে কিন্তু বেশি ছবি’
কাজের বাইরে পরিবারই সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইরফানের কাছে। দুই ভাই দেশের বাইরে থাকায় মা–বাবার সঙ্গেই তাঁর বেশি সময় কাটে। সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। প্রায়ই দেখা যায়, মায়ের ফ্রেমবন্দী করা ছবিতে বাবা ও ছেলে। এমন প্রশ্ন শুনে এই অভিনেতা হেসে বলেন, ‘পরিবারই শান্তি ও শক্তির জায়গা। সময়টা ভালো কাটে। কখনো আমি চট্টগ্রামে যাই, কখনো মা–বাবা ঢাকায় আসেন। এভাবে নিয়মিত যোগাযোগ হয়। একসঙ্গে থাকলে আম্মাই সবচেয়ে বেশি ছবি তুলে দেয়। বাবার সঙ্গে ছবি বেশি পোস্ট করা হয়। মায়ের সঙ্গে কিন্তু বেশি ছবি। মা পর্দা করেন বলে ছবিগুলো আর ফেসবুকে দেওয়া হয় না।’ শেষে জানালেন, এখন কাজ নিয়েই এগিয়ে যেতে চান। অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার এখনো অনেক কিছু বাকি। এই দৌড়ের শেষ নেই। কিন্তু এর শেষ দেখতে চান ইরফান সাজ্জাদ।