জিওন দো ইয়ন
জিওন দো ইয়ন

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জিওন দো ইয়ন। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তবে নতুন সিনেমা ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে পাওয়া প্রশংসা তাঁকে অবাক করেছে। কারণ, তাঁর কাছে সিনেমাটির শুটিং ছিল বেশ স্বাভাবিক ও সাবলীল। তাই অভিনয় নিয়ে এত প্রশংসা পাবেন, তা ভাবেননি এই অভিনেত্রী।

পরিচালক লি চ্যাং ডংয়ের সিনেমাটিতে চাকরি হারানো কারখানা শ্রমিক হো সোকের (সল কিয়ং গু) স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জিওন। মি ওক নামের এই নারী বাস্তববাদী ও আশাবাদী। স্বামীর নানা সংকটের মধ্যেও তিনি পরিবারকে আগলে রাখেন।

একসময় তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে তথ্যচিত্র নির্মাতা ইয়ে জি (জো ইয়ো জিয়ং) ও তাঁর ধনী স্বামী সাং উয়ের (জো ইন সুং) জীবন।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর আট বছর বিরতি দিয়ে নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ফিরেছেন পরিচালক লি চ্যাং ডং। এ বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জুরি বিভাগের গ্র্যান্ড প্রিক্স, সিলভার লায়ন পুরস্কার জিতেছে। গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘পসিবল লাভ’।

সিনেমাটির মাধ্যমে ১৯ বছর পর আবারও লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করলেন জিওন। এর আগে ২০০৭ সালে পরিচালকের ‘সিক্রেট সানশাইন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেই সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জিওন।

সম্প্রতি সিনেমাটি নিয়ে এক দল সাংবাদিকের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। সেখানে নিজের অভিনয় নিয়ে পাওয়া প্রশংসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি। “সিক্রেট সানশাইন”-এ শিন আ চরিত্রের মতো এখানে তীব্র বা নাটকীয় আবেগের কোনো বিষয় ছিল না।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে জিওন বলেন, ‘লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করছি বলে কঠিন একটি প্রকল্পের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শুটিং সেটের পরিবেশ ছিল অবিশ্বাস্য রকমের ভালো।

সবকিছু এত স্বাভাবিকভাবে এগোচ্ছিল, গল্পেও বড় কোনো ঘটনা ঘটছিল না। একসময় আমার মনে হয়েছিল, এভাবে সিনেমার শুটিং করা ঠিক হচ্ছে তো?’

সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পরও নিজের অভিনয় নিয়ে সংশয় কাটেনি জিওনের। প্রদর্শনী শেষে দর্শকেরা প্রায় ছয় মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান নির্মাতা ও অভিনয়শিল্পীদের। এরপর পরিচালকের কাছে নিজের অভিনয় নিয়ে জানতে চান তিনি।

জিওন বলেন, ‘প্রদর্শনীর পর পেছনে গিয়ে আমি লি চ্যাং ডংকে জিজ্ঞাসা করেছিলাম, আমি সত্যিই ভালো অভিনয় করেছি কি না। তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি ভালো করেছি। তিনি সাধারণত এমনটা করেন না।’

‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেতে পারেন জিওন—এমন আলোচনা চলছে। তবে এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না তিনি। পুরস্কার পাওয়ার প্রত্যাশা আছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘অনেক দিন আগের কথা, কান চলচ্চিত্র উৎসবে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি, কোনো পুরস্কার জিতলেই আমি হঠাৎ অন্য কোনো অভিনেত্রী হয়ে যাই না কিংবা আমার পরিচয় বদলে যায় না। ফল যা-ই হোক, এই কাজের মধ্য দিয়ে আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি, সেটাই গুরুত্বপূর্ণ।’

সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতাকে স্বপ্নের সঙ্গে তুলনা করেছেন জিওন। তাঁর ভাষায়, শুটিংয়ে অংশ নেওয়া সব অভিনয়শিল্পীরই মনে হতো, গল্পটি যেন শেষ না হয়, চলতেই থাকে। কিন্তু স্বপ্নের মতো সেই অভিজ্ঞতা খুব দ্রুত শেষ হয়ে গেছে।

পরিচালক লি চ্যাং ডংয়ের কাজের ধরনও তাঁর কাছে ছিল বিশেষ। জিওনের মতে, পরিচালক খুব বেশি নির্দেশনা দিতেন না, দৃশ্য ধারণের সময় জোরালো প্রতিক্রিয়াও দেখাতেন না। কিন্তু তাঁর উপস্থিতিতে সেটের সবকিছু যেন জাদুর মতো স্বাভাবিকভাবে এগিয়ে যেত।

কোরিয়া টাইমস অবলম্বনে