বিশ্বের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। এরপর কয়েক বছরের বিরতি পেরিয়ে ২০২৪ সালে আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন একজন প্রতিযোগী। সব মিলিয়ে এখন পর্যন্ত চারবার মিস ইউনিভার্সের মূল আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন চারজন। সর্বশেষ ২০২৬ সালে অংশ নেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে এ আসরে টপ ৩০-এ জায়গা করে নিতে পেরেছেন একজন।
২০১৯ সালে প্রথমবার বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্সে অংশ নেন শিরিন আক্তার শিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আন্তর্জাতিক আসরে যাওয়ার সুযোগ পান তিনি। এরপর ২০২০ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেও করোনাকালীন ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ফলে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্তও এই প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না।
২০২৪ সালে আনিকা আলমের মাধ্যমে আবারও মিস ইউনিভার্সে ফেরে বাংলাদেশ। এরপর ২০২৫ সালে দেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। তাঁর হাত ধরেই মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো টপ ৩০-এ জায়গা করে নেয় বাংলাদেশ। ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে এই সাফল্য পান তিনি। পাশাপাশি দর্শকদের ভোটেও এগিয়ে ছিলেন মিথিলা।
২০২৬ সালে বাংলাদেশের প্রতিনিধি হন সামিরা খান মাহি। ৮ নভেম্বর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পরেন তিনি। এরপর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্সে অংশ নেন। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী ছিলেন।
টপ ৩০–এ কীভাবে জায়গা হয়? মিস ইউনিভার্সের টপ ৩০-এ জায়গা পাওয়া শুধু দর্শকদের ভোটের ওপর নির্ভর করে না। প্রতিযোগিতার আগে কয়েকটি ধাপে বিচারকদের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে হয় প্রতিযোগীদের। ২০২৬ সালের আসরে টপ ৩০ নির্বাচনের ক্ষেত্রে চারটি বিষয়কে আনুষ্ঠানিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল। মিস ইউনিভার্সের সাইট থেকে জানা যায়, ব্যক্তিগত সাক্ষাৎকার, জাতীয় পোশাক, ইভনিং গাউন ও সাঁতারের পোশাক পর্ব। পাশাপাশি দর্শকদের ভোটে একজন প্রতিযোগীর সরাসরি টপ ৩০-এ যাওয়ার সুযোগ ছিল।
শুরু থেকেই মাহিকে ঘিরে বাংলাদেশের দর্শকদের প্রত্যাশাও ছিল। প্রতিযোগিতার শেষ পর্যায়ে পিপলস চয়েস ভোটে এগিয়ে ছিলেন তিনি। এই ভোটে বিজয়ী প্রতিযোগীর জন্য টপ ৩০-এ সরাসরি জায়গা পাওয়ার সুযোগ ছিল। কিন্তু মাহি পারেননি। ফাইনালের প্রায় এক ঘণ্টা আগে ভোটের শীর্ষস্থান হারান মাহি।
শেষ পর্যন্ত ইকুয়েডরের ডালিয়া বুকারাম পিপলস চয়েস ভোটে জয়ী হয়ে টপ ৩০-এ জায়গা করে নেন।২৫ নভেম্বর অনুষ্ঠিত এবারের চূড়ান্ত পর্বে মাহি টপ ৩০-এ জায়গা পাননি। ফলে সেমিফাইনালের আগেই শেষ হয় তাঁর মিস ইউনিভার্স-যাত্রা। এর আগে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া চার প্রতিযোগীর মধ্যে আন্তর্জাতিক মঞ্চে টপ ৩০-এ পৌঁছানোর কৃতিত্ব একমাত্র তানজিয়া জামান মিথিলার।