‘উইডোজ বে’র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ছবি : এএফপি
‘উইডোজ বে’র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ছবি : এএফপি

এমি অ্যাওয়ার্ডসের আলোচিত যত ঘটনা

বাংলাদেশ সময় গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশনের সবচেয়ে বড় এই পুরস্কারের আসরে বাজিমাত করল কোন সিরিজ? ডেক লেবেল: এমি অ্যাওয়ার্ডস  

নিউ ইংল্যান্ডের একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাইরে থেকে জায়গাটি শান্ত, কিন্তু ধীরে ধীরে বোঝা যায়, দ্বীপটির সঙ্গে জড়িয়ে আছে অস্বাভাবিক ও ভয়ংকর কিছু রহস্য। দ্বীপের বাসিন্দারা বিশ্বাস করতে শুরু করেন, জায়গাটি হয়তো ভুতুড়ে। সেই রহস্যের মধ্যেই এগিয়ে যায় ‘উইডোজ বে’র গল্প। তবে স্রেফ হরর সিরিজের তকমা দিয়ে এটিকে বোঝানো যাবে না। ভয়, রহস্য ও অন্ধকার পরিবেশের সঙ্গে এতে মিশেছে অদ্ভুত হাস্যরস। মুক্তির পর তাই দ্রুত বছরের অন্যতম আলোচিত সিরিজে পরিণত হয় এটি। এমিতে সেটারই যেন স্বীকৃতি মিলল। অ্যাপল টিভির হরর-কমেডি সিরিজটি এক আসরে ১৪টি পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছে। এর মধ্যে মূল পুরস্কার অনুষ্ঠানে এসেছে ছয়টি, এর আগে ক্রিয়েটিভ আর্টস এমিতে (অনুষ্ঠান তৈরির পেছনে থাকা শিল্পী, কারিগরি কর্মী ও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয় এই আয়োজনে। মূল এমি পুরস্কারের আগে সাধারণত ক্রিয়েটিভ আর্টস এমি দেওয়া হয়।) জিতেছিল আটটি। আগের রেকর্ডটি ছিল ‘দ্য স্টুডিও’র দখলে।

৭৮তম এমি অ্যাওয়ার্ডসে উল্লেখযোগ্য বিজয়ীড্রামা সিরিজ: ‘দ্য পিট’কমেডি সিরিজ: ‘উইডোজ বে’লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘ডিটিএফ সেন্ট লুইস’অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়াহ ওয়াইল, ‘দ্য পিট’অভিনেত্রী (ড্রামা সিরিজ): রিয়া সিহর্ন, ‘প্লুরিবাস’অভিনেতা (কমেডি সিরিজ): ম্যাথু রাইস, ‘উইডোজ বে’অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, ‘হ্যাকস’অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র): ম্যাথু রাইস, ‘দ্য বিস্ট ইন মি’অভিনেত্রী (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র): স্যালি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিচারস’পরিচালক (ড্রামা সিরিজ): সল মেটজস্টেইন, ‘স্লো হর্সেস’—‘স্কেয়ারস’পরিচালক (কমেডি সিরিজ): হিরো মুরাই, ‘উইডোজ বে’—‘ওয়েলকাম টু উইডোজ বে’

‘উইডোজ বে’র অভিনয়শিল্পীদের মধ্যেও এসেছে বড় সাফল্য। ম্যাথু রাইস, কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট পেয়েছেন অভিনয়ের পুরস্কার। রাইসের জন্য রাতটি ছিল বিশেষভাবে স্মরণীয়। ‘দ্য আমেরিকানস’–এর জন্য ২০১৮ সালে সেরা ড্রামা অভিনেতার এমি জেতা এই অভিনেতা এবার প্রথমবার কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন। একই রাতে ‘দ্য বিস্ট ইন মি’–র জন্য লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ বিভাগেও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। একই আসরে দুটি আলাদা সিরিজের জন্য প্রধান অভিনেতার দুটি এমি জিতে ইতিহাসও গড়েছেন রাইস। পাশাপাশি উইডোজ বের অন্যতম প্রযোজক হিসেবে সেরা কমেডি সিরিজের পুরস্কারের অংশীদার হয়েছেন তিনি।

‘উইডোজ বে’র দাপটে কিছুটা আড়ালে পড়ে গেছে ‘হ্যাকস’। ক্যারিয়ার ধরে রাখার লড়াইয়ে থাকা এক প্রবীণ স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও তাঁর তরুণ লেখক সহযোগীর সম্পর্ককে কেন্দ্র করে তৈরি সিরিজটি আগেও বহুবার এমিতে পুরস্কৃত হয়েছে। এবারও খালি হাতে ফেরেনি। পঞ্চমবারের মতো সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জিন স্মার্ট। পুরস্কার হাতে নিয়ে স্মার্ট বলেন, ‘কী অসাধারণ এক যাত্রা!’ এই জয়ের মধ্য দিয়ে অভিনয়ের জন্য পাওয়া তাঁর এমির সংখ্যা দাঁড়াল আটে। সর্বাধিক অভিনয় এমি জয়ের রেকর্ডে তিনি জুলিয়া লুই-ড্রাইফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে একই সারিতে উঠে এসেছেন।

কিছুক্ষণ পরই সেই রেকর্ডে যোগ দেন অ্যালিসন জ্যানি। ‘দ্য ডিপ্লোম্যাট’–এর জন্য সেরা ড্রামা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে তাঁর এমির সংখ্যাও আট!

আবারও সেরা ‘দ্য পিট’
টানা দ্বিতীয়বার সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে এইচবিওর হাসপাতালকেন্দ্রিক আলোচিত সিরিজ ‘দ্য পিট’। পিটসবার্গের একটি ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মীদের চাপ, সংকট এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজটি। ২৫টি মনোনয়ন নিয়ে এবারের এমিতে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিরিজও ছিল এটি। শেষ পর্যন্ত মোট ছয়টি পুরস্কার জিতেছে।
সিরিজটির তারকা নোয়াহ ওয়াইল টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতার পুরস্কার জিতেছেন। একই সঙ্গে সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক হিসেবে সেরা ড্রামা সিরিজের পুরস্কারের অংশীদারও হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় ওয়াইল বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছি। আমি হলিউডেরই সন্তান। টেলিভিশনের সামনে বড় হয়েছি, আর সিনেমা হল ছিল আমার উপাসনালয়। আমি সব সময় এটাই করতে চেয়েছি।’

‘দ্য পিট’–এর শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ছবি : এএফপি

লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ বিভাগে বড় পুরস্কার গেছে এইচবিও ম্যাক্সের ‘ডিটিএফ সেন্ট লুইস’–এর ঝুলিতে। মাঝবয়সী তিন মানুষের জটিল সম্পর্ক ও তার পরিণতি নিয়ে তৈরি সিরিজটি মোট সাতটি পুরস্কার জিতেছে। লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্যালি ফিল্ড। রিমার্কেবলি ব্রাইট ক্রিচারস–এর জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি। পুরস্কার গ্রহণ করে সরাসরি প্রতিষ্ঠানের নাম না নিলেও প্যারামাউন্ট স্কাইড্যান্সের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের প্রস্তাবের দিকে ইঙ্গিত করে হলিউডে বড় প্রতিষ্ঠানের একীভূত হওয়ার প্রবণতার সমালোচনা করেন তিনি।

জেনডায়া। এএফপি

বিয়েরহস্য
এমির আসরে জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখা গেছে। তাঁদের পোশাক ও উপস্থিতির পাশাপাশি আলোচনায় উঠে আসে বিয়ের প্রসঙ্গও। এর আগে জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ দাবি করেছিলেন, জেনডায়া ও হল্যান্ড গোপনে বিয়ে করেছেন। তাঁর সেই বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার আগের বক্তব্য থেকে সরে এলেন রোচ। তিনি বলেন, ‘আমি আসলে মিথ্যা বলেছিলাম। সে বিবাহিত ছিল না।’ রোচ আরও স্পষ্ট করে জানান, জেনডায়া ও হল্যান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তবে তাঁদের সম্পর্কের গভীরতার কথাও বলেছেন তিনি। রোচের ভাষায়, ‘সে অনেক দিন ধরেই তাঁর সঙ্গী, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো স্ত্রী নয়।’

প্রয়াত তারকাদের স্মরণ
এবারের এমিতে বিশেষভাবে স্মরণ করা হয়েছে প্রয়াত কান্ট্রি সংগীত তারকা ডলি পার্টনকে। এমিজয়ী এই কিংবদন্তিকে স্মরণ করে স্যালি ফিল্ড বলেন, ডলি ছিলেন ‘সত্যিকারের বিনয়ী, সহানুভূতিশীল এবং অসাধারণ রসবোধের অধিকারী এক মানুষ।’ দুজন স্টিল ম্যাগনোলিয়াজ–এ একসঙ্গে অভিনয় করেছিলেন। ডলির স্মরণে গান পরিবেশন করেন কান্ট্রি তারকা রেবা ম্যাকএন্টায়ার।

প্রয়াত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা স্মরণেও ছিল বিশেষ আয়োজন। তাঁকে স্মরণ করেন ম্যাকলি কালকিন, ড্যান লেভি ও অ্যানি মারফি। প্রয়াত নির্মাতা ও অভিনেতা রব রেইনারের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানান জেমি লি কার্টিস।
এবারের এমি সঞ্চালনা করেন মারিশকা হার্গিটে।

এবারের এমি সঞ্চালনা করেন মারিশকা হার্গিটে। এএফপি