তানজিকা আমিন
তানজিকা আমিন

বিয়ের দুই বছরে ভাঙে সংসার, কারণ জানালেন তানজিকা

২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন তানজিকা আমিন। এরপর ধীরে ধীরে পেশাদার অভিনয়ে নিজেকে যুক্ত করলেও দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে দুই বছর আগে ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর পর থেকে টেলিভিশন নাটক ও ওটিটি—দুই মাধ্যমেই তাঁর ব্যস্ততা বেড়েছে।

তানজিকা আমিন

অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও একসময় আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। ২০১১ সালে তিনি বিয়ে করেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তানজিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’

তানজিকা আমিন

জানা যায়, বড় কোনো অভিযোগ নয়—ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ। বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে প্রথম আলোকে তানজিকা বলেছিলেন, তাঁর বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল না, বরং বিচ্ছেদটাই ছিল অনাকাঙ্ক্ষিত। তাঁর ভাষায়, ‘আমাদের একটা অভ্যাস—কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।’

আগামী ঈদুল আজহায় সাগর জাহান পরিচালিত নতুন নাটক ‘অবুঝ চোখ’-এ দেখা যাবে তানজিকা আমিনকে।