‘বাস তেরা সাথ হো’ ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ
‘বাস তেরা সাথ হো’ ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ

‘বিদায়, আনাস’, সিরিয়াল শেষে ফারহান সাঈদের আবেগঘন পোস্ট

নায়ক মানেই শক্ত, কর্তৃত্বপরায়ণ পুরুষ—পাকিস্তানি ধারাবাহিকে এমন চরিত্রের দেখা মেলে নিয়মিত। তবে আনাস ছিল ব্যতিক্রম। স্ত্রীকে ভালোবাসে, তার পোশাক ইস্ত্রি করে, নাশতা বানিয়ে দেয়। স্ত্রীর স্বপ্ন ও সিদ্ধান্তকেও সমান গুরুত্ব দেয়। এই আনাসই এবার বিদায় নিল দর্শকদের কাছ থেকে।

সম্প্রতি শেষ হয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘বাস তেরা সাথ হো’। এআরওয়াই ডিজিটালের এই ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ।

তাঁর বিপরীতে ছিলেন সানা জাভেদ। ধারাবাহিক শেষ হওয়ার পর আনাসকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ফারহান।

‘বাস তেরা সাথ হো’ ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেতা লিখেছেন, ‘আজ আমি আনাসকে বিদায় জানাচ্ছি। কোনোভাবে এই বিদায়টা আমার প্রত্যাশার চেয়েও বেশি ভারী লাগছে।’

আনাসের জীবন শুরু থেকেই কঠিন। অসহায় এই তরুণ নিয়মিত মানসিক, মৌখিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন চাচা, চাচি ও তাঁদের দুই সন্তানের কাছে।

সংসারের প্রায় সব কাজও তাঁকে করতে হয়েছে। এতে ব্যাহত হয়েছে পড়াশোনা। পাশাপাশি অসুস্থ দাদার দেখাশোনার দায়িত্বও ছিল তাঁর ওপর।

এ কারণেই বড় হয়ে আনাস হয়ে ওঠে ভীতু ও চুপচাপ। নিজের ওপর অন্যায় হলেও প্রতিবাদ করতে পারে না। পরে আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা আনসার সঙ্গে তার বিয়ে হয়। ধীরে ধীরে বদলাতে থাকে আনাসও।

ফারহান সাঈদ

গল্পের এই পরিবর্তনই দর্শকদের কাছে চরিত্রটিকে আলাদা করে তোলে। নায়ক হওয়ার জন্য যে সব সময় কর্তৃত্ব দেখাতে হয় না, আনাস যেন তারই উদাহরণ। বরং সংবেদনশীলতা, সততা ও আত্মমর্যাদাও একজন পুরুষের শক্তি হতে পারে—চরিত্রটির মধ্য দিয়ে সেটিই দেখানো হয়েছে।

শুটিংয়ে ফারহান সাঈদ

ফারহানের কাছেও আনাস শুধু একটি চরিত্র হয়ে থাকেনি। বিদায়ী পোস্টে তিনি লিখেছেন, ‘আনাস আমাকে শিখিয়েছে, কখনো কখনো শক্তি পাল্টা লড়াইয়ে নয়, টিকে থাকার মধ্যে। আর কখনো কখনো নিজের জন্য নিজেকেই বেছে নেওয়াই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত।’

পরিচালক কাসিম আলী মুরিদসহ ধারাবাহিকের পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারহান। শেষে আনাসের উদ্দেশে লিখেছেন, ‘বিদায়, আনাস। তোমাকে মিস করব।’

 ডন অবলম্বনে