শুরু হলো নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’
শুরু হলো নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’

নতুন পরিচয়ে সেলিম–রোজি, শুরু হলো ‘ছুটির গল্প’

অভিনয়জীবনের বাইরে এবার নতুন পরিচয়ে সামনে এলেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। তাঁরা যুক্ত হলেন ‘ছুটি কক্সবাজার’-এর শুভেচ্ছা দূত হিসেবে। একই সঙ্গে তাঁদের অংশগ্রহণে শুরু হলো নতুন পডকাস্ট শো ছুটির গল্প। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাতে রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পডকাস্টটির উদ্বোধন করা হয়। ভ্রমণ, যাপন ও বিনোদনকে ঘিরে নির্মিত এই আয়োজনে সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ। প্রথম পর্বেই অতিথি হয়ে হাজির হন সেলিম–রোজি দম্পতি।

অনুষ্ঠানে দীর্ঘ দাম্পত্য জীবন, অভিনয়ের নানা অভিজ্ঞতা, দেশ–বিদেশে ভ্রমণের স্মৃতি ও অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত ভাবনার কথা বলেন তাঁরা। প্রাণবন্ত আলাপ আর স্মৃতিচারণায় জমে ওঠে পুরো আয়োজন।

ভ্রমণ, যাপন ও বিনোদনকে ঘিরে নির্মিত এই আয়োজনে সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ। প্রথম পর্বেই অতিথি হয়ে হাজির হন সেলিম–রোজি দম্পতি

রোজি সিদ্দিকী বলেন, ‘প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলো দর্শক হিসেবেও দারুণ উপভোগ করব। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাদের যেকোনো ভালো উদ্যোগের পাশে আছি।’

শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা পর্যটন ও অতিথিসেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে। ছুটির গল্প তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছাদূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি সত্যিই আপ্লুত।’

তাঁদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর হয়

পডকাস্ট শেষে আয়োজিত আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান অভিনয়শিল্পী সেলিম–রোজিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছাদূত হিসেবে বরণ করে নেন। পরে তাঁদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর হয়।

আয়োজকেরা জানান, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ছুটির গল্পের প্রথম পর্ব। এরপর নিয়মিত নতুন নতুন অতিথি ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হবে পডকাস্টটি। দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও ভ্রমণ ঘিরে নানা গল্প তুলে ধরাই হবে এ আয়োজনের মূল লক্ষ্য।

আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ছুটির গল্পের প্রথম পর্ব

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভীনের সংগীত পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পডকাস্ট ও অনুষ্ঠানের কনসেপ্ট এবং ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইস্টিশন কমিউনিকেশনস।